গাদ্দাফির মৃত্যুও বেদনাদায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু সে দেশে নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুর মতোই বেদনাদায়ক। গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। মুগাবে (৮৮) যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ন্যাটো বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুর ঘটনার মতো গাদ্দাফির মৃত্যুও বেদনাদায়ক। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার ছুতো করে যুক্তরাষ্ট্র ইরাক দখল করে নেয়। মূলত তেল আহরণের লক্ষ্যেই তারা সেখানে তাড়াহুড়ো করে এই হামলা চালায়। মহানবী হজরত মুহাম্মদকে (সা.)-এর অবমাননা করে যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে মুসলিম বিশ্বে যে বিক্ষোভের সৃষ্টি হয়, এর ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের হামলায় স্টিভেন্সসহ চারজন নিহত হন। যুক্তরাষ্ট্র এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছে।মুগাবে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর লিবিয়ায় সাধারণ মানুষকে রক্ষা করতে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপে’র নামে ন্যাটো বাহিনীকে অভিযান চালানোর অনুমতি দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে।গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উগ্রবাদের বিরুদ্ধে বিশ্বের সব নেতাকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্রের কড়া সমালোচনা করেন এবং ওই চলচ্চিত্রের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহিংসতারও নিন্দা জানান। লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ও নাগরিকের ওপর হামলার কথা উল্লেখ করে ওবামা বলেন, এটা যুক্তরাষ্ট্রের ওপরই হামলার শামিল।মুগাবে ওবামার ভাষণের প্রশংসা করে বলেন, ‘হ্যাঁ, আমরা সবাই এর সঙ্গে একমত। এটি অবশ্যই একটি জঘন্য হত্যাকাণ্ড। এবং অমরা এর নিন্দা জানাই। কিন্তু আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এ হত্যাকাণ্ডের নিন্দা জানাতে আগ্রহী হই, তাহলে যুক্তরাষ্ট্রও কি গাদ্দাফির হত্যাকাণ্ডের নিন্দা জানাতে আমাদের সঙ্গে যোগ দেবে? গাদ্দাফির মৃত্যু আফ্রিকার জন্য একটি বিশাল ক্ষতি।’