গাদ্দাফির মৃত্যুতে লিবিয়া কাঁদে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধারা গত বৃহস্পতিবার সির্ত শহরে আটক করে গাদ্দাফিকে। গাদ্দাফি আটক হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত এনটিসির যোদ্ধারা উল্লাসে মেতে ওঠে। তাদের কেউ কেউ আকাশে ফাঁকা গুলি ছোড়ে, নেচে-গেয়ে, পটকা ফুটিয়ে, কেউ বা ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে আনন্দ প্রকাশ করে।এ সময় চলে একসময়ের মহাপরাক্রমশালী গাদ্দাফিকে নিয়ে নানা ধরনের তামাশা। টানা-হিঁচড়া, ধাক্কাধাক্কি তো চলেই, কেউ কেউ সাবেক এই নেতাকে সামনে পেয়ে অশ্লীল গালির ফোয়ারা ছুটিয়ে দেয়। অনেকে নাকি চড়-থাপড় ও লাথিও মেরেছে। একপর্যায়ে আফ্রিকার ‘রাজাদের রাজা’ মুয়াম্মার গাদ্দাফিকে গুলি করে হত্যা করে এনটিসি যোদ্ধারা। ৪০ বছর ধরে যাঁর হুকুমে লিবীয়রা উঠত-বসত। কুর্নিশে, সালামে শ্রদ্ধা জানাত, সেই গাদ্দাফির শেষটা হলো বড় নির্মম, অপমানজনক।এদিকে, গাদ্দাফির মৃত্যুতে সাধারণ লিবীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের বন্যা বয়ে গেছে। তারা দলে দলে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে। হাতে কিংবা শরীরে দেশটির পতাকা জড়িয়ে বাদ্যযন্ত্রের ছন্দে ছন্দে তারা ঘোষণা করেছে স্বাধীন লিবিয়ার নবযাত্রার কথা।মরেও রক্ষা হয়নি গাদ্দাফির। তাঁর লাশকে অপমানিত করতেও দ্বিধা করেনি ক্ষুব্ধ লিবীয়রা। দীর্ঘ ৪২ বছর যিনি কাটিয়েছেন ত্রিপোলির বাব আল-আজিজিয়ার বিলাসবহুল প্রসাদে, মৃত্যুর পর তাঁর মরদেহ ফেলে রাখা হয়েছিল মিসরাতার একটি মাংস রাখার সাধারণ হিমঘরে। সেখানে গাদ্দাফির লাশকে পরিণত করা হয়েছিল আনন্দ উদযাপনের বস্তুতে। লাইনে দাঁড়িয়ে মানুষ গাদ্দাফির উঁচু শিরের মহা পতন উপভোগ করেছে। লাশের পাশে বসে বা কাত হয়ে শুয়ে উত্ফুল্ল মানুষ ছবি তুলেছে, হাতের দুই আঙুল উঁচিয়ে বিজয়সূচক চিহ্ন তৈরি করে মুঠোফোনে সে দৃশ্যকে বন্দী করেছে। অযত্ন আর অবহেলায় সেই হিমঘরে পাঁচ দিন পড়ে ছিল গাদ্দাফির লাশ। অনেক নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার গাদ্দাফির ভাগ্যে দাফন জুটেছে। তবে তা গোপনে অজ্ঞাত কোনো মরুর বুকে।মৃত্যুর আগে ও পরে গাদ্দাফির ওপর যে নির্মমতা হয়েছে, তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ও সমালোচনায় মুখর হয়েছে। কিন্তু এতে লিবিয়ানদের কোনো অনুশোচনা নেই। এ নির্মমতা মোটেও ছুঁয়ে যায়নি লিবিয়ানদের মন।লিবিয়ার ৪৭ বছর বয়সী প্রকৌশল আলী আজারোজের কথায় ফুটে ওঠে পুরো লিবিয়ার মনোভাব। গাদ্দাফির দাফন সম্পর্কে রয়র্টাসকে তিনি বলেন, ‘তাঁকে গর্ত, সাগর বা ময়লার ভাগারে ফেলা হোক, এটা কোনো বিষয় না। তিনি একটা গাধা কিংবা কুকুরের চেয়েও অধম। আমরা কীভাবে তাঁকে হত্যা করলাম, তা নিয়ে একমাত্র বিদেশিরাই চিন্তিত। কিন্তু এ নিয়ে তারা আবার মিথ্যাও বলছে।’