গাদ্দাফির যত সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির স্ত্রীর সংখ্যা অনেকের জানা থাকলেও তাঁর সন্তানের সংখ্যাটি বড়ই রহস্যময়। তবে তাঁর যে কয়েকজন ছেলেমেয়ে ও তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে এখন পর্যন্ত জানা গেছে, তার একটি তালিকা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে কোন স্ত্রীর গর্ভে কোন সন্তানের জন্ম, তালিকায় তা স্পষ্ট করা হয়নি।মুতাসিম গাদ্দাফি: গত বুধবার গাদ্দাফির এক ছেলে মুতাসিম গাদ্দাফিকে সারত থেকে আটকের দাবি করেছে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। তিনি লিবিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটিতে চলমান যুদ্ধের সময় তাঁকে দেখা না গেলেও বিদ্রোহীদের দাবি, সারতে মুতাসিমের নেতৃত্বেই গাদ্দাফি বাহিনী এনটিসির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল।সাইফ আল ইসলাম: গাদ্দাফির ছেলেমেয়েদের মধ্যে সাইফ আল ইসলাম সবচেয়ে আলোচিত। লন্ডনের স্কুল অব ইকোনমিকসে পড়ালেখা করা সাইফ ইংরেজিতে খুব দক্ষ। তাঁকে গাদ্দাফির অন্যতম প্রধান উপদেষ্টা ও লিবিয়ার ভবিষ্যত্ উত্তরসূরি হিসেবে ভাবা হতো। ত্রিপোলির পতনের পরপরই এনটিসি দাবি করেছিল, সাইফকে তাঁরা আটক করেছে। তবে এ দাবির কয়েক ঘণ্টা পরেই সাইফ জনসম্মুখে আসেন। এরপর আর তাঁকে দেখা যায়নি। সাইফের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সাদি গাদ্দাফি: ত্রিপোলির পতনের পর গত সেপ্টেম্বরে সাদি গাদ্দাফি প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে যান। নাইজার সরকার জানিয়েছে, সেখানে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, এ মুহূর্তে সাদি গাদ্দাফিকে এনটিসির কাছে হস্তান্তরের কোনো পরিকল্পনা তাঁর সরকারের নেই। আগস্টের শেষ দিকে এনটিসি দাবি করেছিল, সাদি গাদ্দাফি তাঁদেরকে সমঝোতার প্রস্তাব দিয়েছেন। সাদি একজন পেশাদার ফুটবলার। পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যবসাও রয়েছে। তিনি লিবিয়ার জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। লিবিয়ার সেনাবাহিনীতেও তাঁর পদ রয়েছে। সাদির বিরুদ্ধে লিবিয়ার এক ফুটবলারকে হত্যার অভিযোগ রয়েছে।খামিস গাদ্দাফি: লিবিয়ার সেনাবাহিনীতে মুয়াম্মার গাদ্দাফির অন্যতম প্রতাপশালী ছেলে হিসেবে খামিস পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে তিনি ত্রিপোলিতে বোমা হামলায় আহত হয়েছিলেন। তবে তার পরও তিনি লিবিয়ার অন্যতম শক্তিশালী ৩২ ব্রিগেডের কমান্ডার হন। এই বাহিনীই গাদ্দাফি-বিরোধীদের দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখে আসছিল। খামিস নিহত হয়েছেন বলে একাধিকবার এনটিসি দাবি করেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে তাদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। খামিসের বিরুদ্ধে ত্রিপোলিতে বহু বন্দী হত্যার অভিযোগ রয়েছে। আইসিসি জানিয়েছে, তিনি যদি বেঁচে থাকেন, তাহলে তাঁকেও তালিকাভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।হান্নিবাল গাদ্দাফি: মুয়াম্মার গাদ্দাফির ছেলেমেয়েদের মধ্যে হান্নিবাল খুব একটা পরিচিত নন। তবে ২০০৮ সালে জেনেভায় একটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আলোচনায় আসেন। দুই হোটেল কর্মীর বিরুদ্ধে খারাপ আচরণ করার অভিযোগে ওই সময় জেনেভার পুলিশ হান্নিবাল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছিল। তবে লিবিয়ার চাপে তাঁদেরকে পরে ছেড়ে দেওয়া হয়। মোহাম্মদ গাদ্দাফি: মুয়াম্মার গাদ্দাফির প্রথম স্ত্রীর সন্তান হিসেবে মোহাম্মদের নাম শোনা যায়। লিবিয়ায় তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার ও দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট বলে পরিচিত। মোহাম্মদ একটি টেলিযোগাযোগ কোম্পানিরও প্রধান ছিলেন। লিবিয়ায় গাদ্দাফি-বিরোধী আন্দোলন শুরু হলে, এ-সম্পর্কিত খবর যাতে বহির্বিশ্বে ছড়িয়ে না পড়তে পারে, সে জন্য তিনি মোবাইল ফোন যোগাযোগ বিঘ্নিত করেছেন বলে অভিযোগ রয়েছে। আয়শা আল গাদ্দাফি: লিবিয়ায় আয়শা আল গাদ্দাফি আইনজীবী হিসেবেই পরিচিত। তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে রক্ষার আন্তর্জাতিক আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ছিলেন আয়শা। বুশকে জুতা নিক্ষেপকারী আলোচিত ইরাকি সাংবাদিক মুনতাদার আল জাইদিকে আইনি সহায়তা প্রদানকারী সংগঠনের প্রধান ছিলেন তিনি। আয়শা লিবিয়ার সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ নিয়ে লেফটেন্যান্ট কর্নেল উপাধি পেয়েছেন। গত আগস্টে হান্নিবাল, মোহাম্মদ ও আয়শা আলজেরিয়া পালিয়ে যান। এ ছাড়া সাইফ আল আরব নামে গাদ্দাফির আরেক ছেলের নাম শোনা যায়। এর বাইরে মিরাদ (ছেলে) ও হান্না (মেয়ে) নামে মুয়াম্মার গাদ্দাফির দুই দত্তক সন্তানের নাম জানা যায়।