নিহত হওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও গতকাল শনিবার হিমঘরেই পড়ে ছিল মুয়াম্মার গাদ্দাফির লাশ। অবহেলা ও কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণে মৃতদেহে ধরছে পচন। গতকালই মিসরাতায় গাদ্দাফির লাশের ময়নাতদন্ত হয়েছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়। ওই কর্মকর্তা জানান, গাদ্দাফির মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গাদ্দাফির পরিবারের পক্ষ থেকে লাশ ফেরত চাওয়া হয়েছে। ত্রিপোলির ১৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত মিসরাতা শহরের এক বাজারে বড় একটি মাংস রাখার হিমঘরে ছিল সাবেক লিবীয় নেতার লাশ। মেঝেতে তোশকের ওপর পাশাপাশি রাখা ছিল গাদ্দাফি ও তাঁর ছেলে মুতাসিমের লাশ। গতকাল অন্য একটি স্থান থেকে মুতাসিমের লাশ এনে রাখা হয় বাবার পাশে। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল শহরের কিছু নারী-পুরুষ ও শিশু ভিড় জমায় লাশ দেখার জন্য। প্রহরীরা এ সময় লোকজনকে লাইনে দাঁড় করিয়ে দেন সুষ্ঠুভাবে লাশ দেখার জন্য। তাঁদের মুখবন্ধনীও সরবরাহ করেন নিরাপত্তারক্ষীরা।এদিকে, সিরিয়াভিত্তিক গাদ্দাফিপন্থী একটি টেলিভিশনে গতকাল প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, গাদ্দাফি, তাঁর ছেলে মুতাসিমসহ অন্যদের লাশ ফেরত চেয়েছে প্রয়াত নেতার পরিবার। বিবৃতিতে বলা হয়, ‘গাদ্দাফি ও অন্যদের লাশ সির্ত শহরে তাঁর গোত্রের লোকজনের কাছে হস্তান্তর করতে এনটিসিকে চাপ দেওয়ার জন্য আমরা জাতিসংঘ, ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এবং অ্যামনেস্টির প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলামি রীতিনীতি অনুযায়ী লাশ দাফনের ব্যবস্থা করা হোক।’ মিসরাতায় গতকাল লোকজনকে হিমঘরের ভেতরে ঢুকে লাশের সঙ্গে নিজেদের ছবি তুলতে দেখা যায়। এর আগের দিন লাশের ওপরের অংশে কোনো কাপড় না থাকলেও গতকাল লাশ ঢেকে দেওয়া হয় কম্বলে। শুধু মুখমণ্ডল খোলা ছিল এবং মাথা ছিল বাঁ দিকে কাত করা। মনে করা হচ্ছে, বুক ও পেটের গুলির ক্ষতস্থান আড়াল করতেই তা করেছে কর্তৃপক্ষ।লাশ দেখে আসার পর বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক বলেন, ‘এর আগে দেখা গিয়েছিল গাদ্দাফির বাঁ চোখের ওপর কপালে একটি গুলির ক্ষত ছিল। মাথা বাঁ দিকে কাত করে দেওয়ায় আজ আর সেটা দেখা যায়নি।’মিসরাতা শহরের এনটিসির সামরিক কমান্ডাররা অবশ্য জানিয়েছিলেন, গাদ্দাফির মরদেহের ময়নাতদন্ত করা হবে না, যদিও আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত করার আহ্বান জানানো হয়। গাদ্দাফির মৃত্যু নিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন উত্থাপন করায় এনটিসির নেতা মোস্তফা আবদুল জলিল গতকাল বলেন, ঠিক কী পরিস্থিতিতে কীভাবে তাঁর মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু মিসরাতা শহরের সামরিক কমান্ডার ফাতি আল-বাশাঘা বলেন, ‘লাশের ময়নাতদন্ত হবে না।’ তিনি জানান, লাশ দেখার জন্য ত্রিপোলি থেকে সামরিক কমান্ডার আবদুল হাকিম বেলহাজের গতকাল মিসরাতায় আসার কথা। কিন্তু এনটিসির নেতা আবদুল জলিলের আসার কোনো পরিকল্পনা নেই।এর আগে শুক্রবার এনটিসির তেলমন্ত্রী আলী তেরহুনি বলেছিলেন, গাদ্দাফির লাশ শিগগির দাফন করা হবে না। তিনি তখন বলেন, ‘আমি তাদের বলেছি লাশ কয়েক দিন হিমঘরে রাখতে, যাতে সবাইকে এটা নিশ্চিত করা যায় যে তিনি মারা গেছেন।’ গাদ্দাফিকে মিসরাতা, সির্ত বা অন্য কোথায় দাফন করা হবে—সে বিষয়েও এনটিসি কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। জানা গেছে, এনটিসির একটি অংশ চাইছে, গাদ্দাফিকে গোপনে দাফন করতে, যাতে তাঁর কবর অনুগতদের কাছে শ্রদ্ধা নিবেদনের উপযোগী সমাধিস্থলে পরিণত না হয়। এএফপি, রয়টার্স, বিবিসি।