গাদ্দাফির লেনদেনে সুইস ব্যাংকের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ড সরকার লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ওপর চাপ বাড়িয়ে চলছে। দেশটির কর্তৃপক্ষ গাদ্দাফি, তাঁর পরিবার ও সহযোগীদের সব লেনদেন নিষিদ্ধ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সুইজারল্যান্ড ছাড়া ব্রিটেন এবং অস্ট্রিয়া সরকারও গাদ্দাফি ও তাঁর সহযোগীদের সম্পত্তি জব্দ করেছে। রয়টার্স বলেছে, অবৈধ অর্থ নিরাপদে জমা রাখার ব্যাপারে সুইজারল্যান্ডের যে কুখ্যাতি রয়েছে, তা মোচন করতে সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। গত মাসে সুইজারল্যান্ড সরকার গাদ্দাফিপন্থী লিবিয়ার ২৯ জন নাগরিকের সম্পদ জব্দ করে। এর আগে সুইজ ব্যাংক কর্তৃপক্ষ মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকেরও সম্পত্তি জব্দ করে।সুইজারল্যান্ড সরকার বলছে, মুয়াম্মার গাদ্দাফি এবং তাঁর অনুগতদের যেকোনো ধরনের অর্থনৈতিক সহায়তা তারা প্রতিরোধ করতে চায়। এ জন্য তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাদ্দাফির সঙ্গে সংশ্লিষ্ট সব লোকজনের অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ করবে।তবে সুইজারল্যান্ডের এ সিদ্ধান্ত লিবিয়ার তেল কোম্পানি তাম-অয়েলকে প্রভাবিত করতে পারে। কোম্পানিটি প্রতিদিন ৭২ হাজার ব্যারেল পরিশুদ্ধ তেল পশ্চিম সুইজারল্যান্ডে সরবরাহ করে। এ বিষয়ে সরকারের মুখপাত্র আন্দ্রে সিমোনাজ্জি বলেন, তাম-অয়েলকে যতবার অর্থ দেওয়া হবে, ততবার এ অর্থ কোথায় যাচ্ছে, সে ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হবে। কে লাভবান হচ্ছে তা তদন্ত করা হবে।সিমোনাজ্জি বলেন, অর্থ কোথায় যায়, সেটা পর্যবেক্ষণ করা সরকারের কাজ নয়। সরকারের কাজ সুইজারল্যান্ডের ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন-সংক্রান্ত বিষয় নিয়ে।তাম-অয়েল মুখপাত্র লয়ন্ত পাওলাইলো গতকাল শুক্রবার বলেন, সুইজারল্যান্ড সরকারের নেওয়া এ নতুন পদক্ষেপে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন না।