গাদ্দাফির সঙ্গে মার্কিন-ব্রিটিশ গোয়েন্দাদের সখ্য!
লিবিয়ার পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের সময় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা। গাদ্দাফির সাবেক গোয়েন্দাপ্রধান মুসা কুসার দপ্তর থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কর্মীরা এ-সংক্রান্ত দলিল উদ্ধার করেছে। সংস্থাটির বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। উদ্ধার করা ওই দলিলের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ২০০২ থেকে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ অনেক সন্দেহভাজন জঙ্গিকে অপহরণ করে ত্রিপোলির কাছে হস্তান্তর করেছে। অপরদিকে এ সময় যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্স লিবিয়ার ভিন্ন মতালম্বীদের সম্পর্কে গাদ্দাফিকে তথ্য সরবরাহ করেছিল। তবে বিবিসি জানিয়েছে, হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধার করা এ-সংক্রান্ত নথিপত্র তারা হাতে পায়নি এবং নিরপেক্ষ কোনো সূত্র থেকে তা নিশ্চিত করা যায়নি। হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, প্রাপ্ত তথ্যপ্রমাণে দেখা যায়, একটা নির্দিষ্ট সময়ের জন্য লিবিয়ার গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত ছিল। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণভাবে তথ্য আদান প্রদান হয়েছে। এমনকি সিআইএ কর্মকর্তারা লিবিয়ায় বিদ্রোহীদের বর্তমান সেনা কমান্ডার ও তত্কালীন ভিন্ন মতালম্বী নেতা আবদেল হাকিম বেলহাজকেও ত্রিপোলির হাতে তুলে দিয়েছিল।হিউম্যান রাইটস ওয়াচের এ দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।