গাদ্দাফির স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী সাফিয়ার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কমিটি একই সঙ্গে বিদেশে থাকা তাঁর সব সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছে। গতকাল সোমবার পশ্চিমা কূটনৈতিকেরা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত ও লিবিয়া অবরোধ কমিটির চেয়ারম্যান জোসে ফিলিপ মোরেস ক্যাবরাল এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি বলেন, ‘কমিটি তাদের কালো তালিকায় দুই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছে। তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।’তবে নিষেধাজ্ঞার তালিকায় কোন দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সে বিষয়ে ক্যাবরাল কারও নাম উল্লেখ করেনি। পরিষদের এক কূটনীতিবিদ রয়টার্সকে জানিয়েছেন, গাদ্দাফির স্ত্রী সাফিয়া এবং পরিকল্পনা ও অর্থমন্ত্রী আবদুলহাফিদ জিলিতানির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া লিবিয়ার জুইতিনা তেল কোম্পানিকেও কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।গত ফেব্রুয়ারি থেকে গাদ্দাফি ও তাঁর পরিবারের সদস্যরা জাতিসংঘের কালো তালিকায় আছেন। তবে রাশিয়া এত দিন নতুন এ প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়ে আসছিল। মুয়াম্মার গাদ্দাফি, তাঁর ছেলে সাইফ আল ইসলাম এবং গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল সেনুচ্ছির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে লিবিয়া। লিবিয়ার বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কর্নেল গাদ্দাফিকে গ্রেপ্তারের লক্ষ্যে আইসিসির জারি করা এ পরোয়ানা লিবিয়া প্রত্যাখ্যান করছে। বিচারমন্ত্রী মোহাম্মদ আল কামোদি বলেছেন, ‘তৃতীয় বিশ্বের নেতাদের বিচার করার জন্য পশ্চিমা বিশ্ব এ আদালতকে ব্যবহার করে।’মোহাম্মদ আল কামোদি উল্লেখ করেন, গাদ্দাফি ও তাঁর ছেলে লিবিয়া সরকারে কোনো প্রাতিষ্ঠানিক পদে নেই। তাই তাঁদের বিরুদ্ধে আইসিসির অভিযোগের কোনো ভিত্তি নেই।