গান, কবিতা ও নাটকে মুখরিত শহীদ মিনার চত্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের মৃদু বাতাসে মঞ্চে গীত হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান: ‘এই ভাষা সেই ভাষা আমার, ভাষার মাঝে সেরা রে’ ও ‘ক্যানেবা ফুটিলু রে শিমুলার ফুল এইনা ফাগুন মাসে’। কেবল গানই নয়, কবিতা ও নাটকেও বাংলা ভাষার জয়গানে মুখরিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১৪ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের শুরুতে ভাওয়াইয়া গান পরিবেশন করেন সফিউল আলম।কবিতার মাধ্যমে ভাষা আন্দোলনের সৈনিকদের শ্রদ্ধা জানাতে ‘বর্ণমালার বীর সৈনিকেরা’ কবিতার বৃন্দ আবৃত্তি করেন চারুকণ্ঠ আবৃত্তি সংগঠনের সদস্যরা। এরপর মঞ্চে দেখা গেল একদল খুদে শিল্পী। ধ্রুব শিশু-কিশোর সংগঠনের এই সদস্যরা সমবেত কণ্ঠে গাইল, ‘আমার মুখের বুকের ভাষা’, ‘তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না।’এনামুল হক আবৃত্তি করলেন ‘একুশের কবিতা’। ডি এম মোর্শেদ ‘বর্ণমালায় রক্ত’ ও সাফওয়ানা জায়ান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কবিতা দুটি আবৃত্তি করেন।নাটকের দল নাট্যভূমি পরিবেশন করে পথনাটক মড়া। এ ছাড়া নাটক পরিবেশন করেন নাট্যযোদ্ধা দলের সদস্যরা। ‘একুশ আমার যৌবন’ কবিতাটি আবৃত্তি করে আবৃত্তি সংগঠন স্বরূপ। সমবেত কণ্ঠে দলীয় সংগীত পরিবেশন করেন স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের সদস্যরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর এ সাত্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমাইল সাদী।