গান, নাচ আর শুভেচ্ছায় চ্যানেল আইয়ের যুগপূর্তি অনুষ্ঠান
কাল ছিল ১৬ আশ্বিন। শরৎকাল। সকাল থেকে আবহাওয়াটা ভালোই ছিল। হঠাৎ কোথা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এর মধ্যেই উদ্বোধন হলো চ্যানেল আইয়ের যুগপূর্তি অনুষ্ঠান। তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে বেলা ১১টা ২০ মিনিটে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সংগীতজ্ঞ সোহরাব হোসেন ও সুধীন দাশ। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং বিভিন্ন অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিরা।এর আগে সকাল সাড়ে নয়টায় চ্যানেল আই প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এ সময় যুগপূর্তির নানা উপকরণ সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়। বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে র্যালিটি চ্যানেল আই কার্যালয়ে এসে শেষ হয়।উদ্বোধনের আগে বেলা ১১টায় অনুষ্ঠানমঞ্চের পেছন থেকে সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘চ্যানেল আইয়ের আজ জন্মদিন, আনন্দ ভরা সেই শুভদিন’ গানটি বেজে ওঠে। এরপর বাজানো হয় যুগপূর্তি উপলক্ষে এন্ড্রু কিশোরের গাওয়া থিমসংটি। গানটিতে এন্ড্রু কিশোরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। উদ্বোধনের পর মূল মঞ্চে চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা পরিবেশন করেন দেশের গান ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’।ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমার চ্যানেল আই’ স্লোগানটি এখন আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে গেছে সারা দেশে। সবার মুখে মুখে। আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, এক যুগ পূর্তির এই অনুষ্ঠানে সবার কাছে সেই সহযোগিতা চাচ্ছি।যুগপূর্তি উপলক্ষে পুরো চ্যানেল আই ভবনকে সাজানো হয় নানান রঙে। বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের নামে রাখা হয়েছিল স্টলগুলো। অনুষ্ঠান মঞ্চে সারা দিন দেশের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি এ সময়ের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন গান, নাচ আর আবৃত্তি। ছিল দিনভর শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় যুগপূর্তি অনুষ্ঠান।এদিকে ১ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে যুগপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। কেক কাটে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শিল্পী জুয়েল রানা ও প্রান্তি। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা, তাঁদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও তারকারা। চ্যানেল আই ভবনের ওপরের আকাশ আলোকিত হয় আতশবাজির ঝলকানিতে।