রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকীতে তাঁর গান, কবিতার আবৃত্তি ও নৃত্যনাট্যে স্মরণ করা হয়েছে বিশ্বকবিকে।গতকাল শনিবার সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী জাতীয় পর্যায়ের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের অংশ হিসেবে শিল্পকলা একাডেমীর আয়োজনে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। এরপর ধ্রুবতানের শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত ‘ওই আসনতলের’। এটি কবিগুরুর নোবেল বিজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ৪৬তম গান। এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার শতবর্ষ পূর্ণ হচ্ছে। একাডেমীর তিন দিনের অনুষ্ঠানের প্রতিদিনই শুরুতে থাকবে গীতাঞ্জলির গান।গতকাল একক কণ্ঠে শিল্পী ইন্দ্রাণী হালদার ‘ওরে মাঝি তোরে আমার’, মহাদেব ঘোষ ‘তোমার আনন্দ’, শর্মিলা চক্রবর্তী ‘এই তো তোমার প্রেম’, আজিজুর রহমান ‘মেঘের পরে মেঘ জমেছে’, নীলোৎপল সাধ্য ‘তোমার খোলা হাওয়া’, অনুপ ভট্টাচার্য ‘তোমার আমার এই বিরহের অন্তরালে’, আশরাফ মাহমুদ ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ গেয়ে শোনান। রবিরশ্মির শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘এসো শ্যামলসুন্দর’ গানটি। বেলায়েত হোসেন ‘কৃষ্ণকলি’ কবিতাটি আবৃত্তি করেন। সবশেষে ছিল নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় কবিরুল ইসলাম রতনের পরিচালনায় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। আজও অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। সমাপনী অনুষ্ঠান ২৭ বৈশাখ (১০ মে) সোমবার।বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা: মণিপুরের রাজা তাঁর মেয়ে ‘চিত্রাঙ্গদা’কে বড় করে তোলেন যোদ্ধা হিসেবে। শিকারের সময় অর্জুনকে তিনি যুদ্ধে আহ্বান করেন। ঘটনাপ্রবাহে চিত্রাঙ্গদার মধ্যে নারীত্ব জেগে ওঠে; অর্জুন তাঁকে প্রত্যাখ্যান করেন। প্রেমদেবের কাছে চিত্রাঙ্গদা রূপলাবণ্য প্রার্থনা করেন। এই নবরূপের চিত্রাঙ্গদার প্রেমে মোহিত হন অর্জুন। একপর্যায়ে অর্জুনের রূপমোহ ভঙ্গ হয়। চিত্রাঙ্গদাও প্রেমের দেবতাকে তাঁর আগের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন। এই কাহিনি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য গীতিনৃত্যনাট্য চিত্রাঙ্গদা যখন পরিবেশিত হচ্ছিল, তখন কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পিনপতন নীরবতা। মিলনায়তন-ভর্তি দর্শক তন্ময় হয়ে উপভোগ করে গানে-নৃত্যে এই অনবদ্য পরিবেশনা। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত পাঁচ দিনব্যাপী একবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের গতকাল ছিল সমাপনী দিন। সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর গানের আয়োজন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল শিল্পী কলিম শরাফীর জন্মদিন উদ্যাপন। অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন। রবীন্দ্রনাথের জন্মদিনে জন্ম নেওয়া এই বরেণ্য মানুষটি এ বছর ৮৭ বছরে পা রাখলেন। জন্মদিনের সংবর্ধনায় শিল্পীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।সকালের অধিবেশন শেষে ছিল বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশিত নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম। দুপুরে বিরতি দিয়ে বিকেলে আবার অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত পর্যন্ত। সন্ধ্যায় ছিল দলীয় ও একক সংগীত পরিবেশনা।