গান আর সুরে ভরা সন্ধ্যা
অবসরে কিংবা কাজের ভেতর ডুবে থেকেও অনেক বাঙালিরই স্বভাব গুনগুন করে সুরলহরীতে মজে যাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর, ডি এল রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ এবং দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির পাশাপাশি লালন শাহ ও পরবর্তী সময় আরও অনেক মরমিয়া বাউল-কবিদের রচিত গানের ভেতর দিয়েই বাংলা গানের পরিপূর্ণ বিকাশ। বাংলা গান যেন বাঙালির প্রাণের খেলা। এর আভাসই পাওয়া গেল গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে।সন্ধ্যায় গ্যালারিতে বৈঠকি ঢঙে আয়োজন করা হয়েছিল ‘প্রাণের খেলা’ শীর্ষক গানের আসর। অনুষ্ঠান শুরুর অনেক আগেই অনুষ্ঠানস্থল ভরে উঠেছিল নানা বয়সের শ্রোতার উপস্থিতিতে। অনুষ্ঠানে প্রথমে সেতার বাজিয়ে শোনান প্রতিভাবান নবীন শিল্পী নিশিত দে এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী নন্দিতা ইয়াসমিন। নিশিত দে শ্রোতাদের সেতারে রাগ ইমন বাজিয়ে শোনান এবং নন্দিতা ইয়াসমিন যথাক্রমে, ‘একি এ সুন্দর শোভা!’, ‘গহন কুসুমকুঞ্জ-মাঝে’, ‘কিছুই তো হল না’, ‘সকলই ফুরালো স্বপনপ্রায়!’, ‘এ শুধু অলস মায়া’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, ‘মাটির প্রদীপখানি’, ‘সবার সাথে চলতেছিল’, ‘শেষ নাহি যে’সহ বেশ কিছু রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।