গান করতে বাংলাদেশে যুদ্ধশিশু কোহিনূর
আবারও বাংলাদেশে এসেছেন কোহিনূূর। যুদ্ধশিশু কোহিনূরকে মুক্তিযুদ্ধের সময় রাস্তা থেকে তুলে নিয়েছিল মাদার তেরেসা অনাথ আশ্রম। সেখান থেকে তাঁকে দত্তক নেয় নরওয়ের একটি পরিবার। নরওয়েতেই বড় হয়েছেন তিনি। এখন তাঁর বড় পরিচয়, আন্তর্জাতিক একজন সংগীতশিল্পী। এর আগেও বিচ্ছিন্নভাবে ঢাকায় এসেছেন। তবে এবার পুরো ডিসেম্বর মাস বাংলাদেশের বিভিন্ন স্থানে গান করবেন তিনি। কাজ করবেন এ দেশের সুবিধাবঞ্চিত নারীদের জন্য। অডিও পাইরেসির বিরুদ্ধে সচেতনতা তৈরির ব্যাপারেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। গতকাল শনিবার সকালে রাজধানীর কাপা কফি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় আয়োজক লাইভ স্কয়ার কনসার্টস এবং তাদের নরওয়ের সহযোগী রিক্সকনসার্টিনের কর্মকর্তারা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিক্সকনসার্টিনের হেড অব ইন্টারন্যাশনাল প্রজেক্টস সুলভেই কোরুম মাঙ্গা, লাইভ স্কয়ার কনসার্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আহমেদ, কোহিনূর, লালন ব্যান্ডের সুমী প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোহিনূর রোটারি ক্লাবের জন্য একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবে ব্যান্ড লালন। কক্সবাজারে হোটেল সিগালে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা আছে তাঁর। পরে তিনি আগারগাঁয় সরকারি সংগীত কলেজে সংগীতবিষয়ক একটি কর্মশালা পরিচালনা করবেন। লালনের সঙ্গে গান রেকর্ডিংয়ের কাজ করবেন কোহিনূর।কোহিনূর জানান, তিনি মাদার তেরেসা অনাথ আশ্রমে যাবেন। তাঁর পোষ্য সন্তানের সঙ্গে সময় কাটাতে যাবেন ঢাকার বটমলি হোম অনাথ আশ্রমে।