গান নাচ কবিতায় মানবতার কবি নজরুলকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মাটিতেই তাঁর অনেক মহান সৃষ্টি। জীবনের শেষ দিনগুলো এ দেশের মাটিতে কাটিয়েছিলেন। এ দেশের মানুষও ভালোবেসে তাঁকে আপন করে নেয়। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় কবিকে গতকাল বুধবার স্মরণ করলেন অনুরাগীরা। তাঁর গান, কবিতা, নাটক পরিবেশনা ও দর্শন নিয়ে আলোচনার মাধ্যমে উদ্যাপিত হলো ১১২তম জন্মবার্ষিকী।দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ সারা দেশ ছিল নজরুলময়। ময়মনসিংহের ত্রিশালে রাষ্ট্রীয় উদ্যোগে কর্মসূচি পালনের পাশাপাশি বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, ছায়ানটসহ কবির স্মৃতিবিজড়িত দরিরামপুর, কুমিল্লা, দৌলতপুর ও চট্টগ্রামে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সকাল সোয়া ছয়টায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। উপাচার্যের সভাপতিত্বে মাজার প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সূর্যসেন হলের প্রাধ্যক্ষ খোন্দকার আশরাফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, কবি নজরুলের নাতনি খিলখিল কাজী প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান এ টি এম নূরুর রহমান খান।এরপর নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নজরুল একাডেমী, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় জাদুঘর, নজরুল আবৃত্তি পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, বিশ্বকবিতা কণ্ঠ পরিষদ, নজরুল প্রমীলা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবির মাজারে শ্রদ্ধা জানানো হয়।