ভালোবাসা দিবস উপলক্ষে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা কিশোরের নতুন অ্যালবাম। নাম ‘অগোছালো ভালোবাসা’। এটি প্রকাশ করেছে অগ্নিবীণা। অ্যালবামটি নিয়ে কথা হলো কিশোরের সঙ্গে।‘অগোছালো ভালোবাসা’ আপনার তৃতীয় অ্যালবাম?হ্যাঁ, আমার প্রথম অ্যালবাম নিখোঁজ ভালোবাসা বেরিয়েছিল ২০০৭ সালে আর দ্বিতীয়টি ২০০৯ সালে ফিরে আসো না। তৃতীয়টির গানগুলো নিয়ে আমি খুব আশাবাদী। আমি সাধারণত মেলোডিয়াস গানই বেশি করি। এখানেও তা-ই করেছি। তবে সেমি ক্লাসিক্যাল, হিপহপ ধরনের গানও আছে। দ্বিতীয়টির ‘ফিরে আসো না’ গানটি খুব জনপ্রিয় হয়েছিল। এবার ওই ধারাবাহিকতায় আরেকটি গান গেয়েছি। এর শিরোনাম ‘প্রশ্ন’। এটার কথা ও সুর আমিই করেছি। যেহেতু অ্যালবামটি ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করেছি, তাই ও রকম একটি গান করেছি। ‘অগোছালো ভালোবাসা’ শিরোনামের এই গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।এই অ্যালবামে আপনার জন্য নাকি কুমার বিশ্বজিৎ সুর করেছেন?আমি ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় পঞ্চম হয়েছিলাম। কুমার বিশ্বজিৎ ওই প্রতিযোগিতার বিচারক ছিলেন। তিনি আমাকে খুব স্নেহ করেন। আমার প্রথম অ্যালবামে তিনি তিনটি গানের সুর করেছিলেন। এবারও করেছেন। একেবারেই অন্য রকম সুর, আর গানের ধরনটাও আলাদা।শুনেছিলাম, এই অ্যালবামে ফুয়াদ আল মুক্তাদীরের সুর ও সংগীত পরিচালনায় আপনি গান করেছেন?উনি তো খুব ব্যস্ত। অ্যালবামের ‘সাপলুডু’ গানটির তিনি অর্ধেক অংশের সুর করে রেখে দিয়েছিলেন। যেহেতু এবার ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি বের করব, তাই আমার একটু তাড়া ছিল। শেষ পর্যন্ত আমি আর সুমন কল্যাণ মিলে গানটির বাকি অংশের সুর করেছি। আরও মজার ব্যাপার হলো, গানটির গীতিকার চারজন। এক আড্ডায় জাহিদ আকবর, লুৎফর হাসান, সোমেশ্বর অলি আর মাহমুদ মানজুর মিলে গানটি লিখেছিলেন। পুরো অ্যালবামে আপনার নিজের কাছে কোন গানটি একটু বেশি ভালো লাগছে?‘প্রশ্ন’ গানটি এরই মধ্যে বিভিন্ন এফএম রেডিওতে বাজছে। তবে অ্যালবামের ৭ নম্বর গানটি আমার কাছে ভালো লাগে। গানটির শিরোনাম ‘বৃষ্টি’। কিছুদিন পরে হলেও গানটি সবাই বেশি শুনবে। আপনার অ্যালবামে কে কে গান লিখেছেন ও সুর করেছেন?১০টি গানের কথা লিখেছেন জাহিদ আকবর, লুৎফর হাসান, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, সুমন কল্যাণ, সেজুল হোসেন, দেহলভী, রবিউল ইসলাম ও আমি নিজে। আর সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সুমন কল্যাণ, লুৎফর হাসান ও অলক বাপ্পা। আমার সুর করা গানও আছে এখানে।