বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া বাংলাদেশ দলের থিম সং ‘কাপ কিন্তু একটাই’। গানটি গেয়েছেন মেহরীন। এটিসহ সাতটি গান নিয়ে ইমপ্রেস অডিও ভিশন থেকে বেরিয়েছে অ্যালবাম। কাপ কিন্তু একটাই নামের এই অ্যালবামে আছে শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া, টিপু, বাপ্পা মজুমদার ও বিমলের গান। শিরোনাম গানটি নিয়ে কথা হলো মেহরীনের সঙ্গে।‘কাপ কিন্তু একটাই’ গানটি কবে করেছিলেন?মাস দুয়েক তো হবেই। গানটি তৈরির ব্যাপারে মুখ্য ভূমিকা রেখেছিল বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রে। এটি তৈরি হয়েছে বেক্সিমকোর উদ্যোগে। গানটি লিখেছেন শামীম, সুর করেছেন সন্ধি। মাত্র আড়াই মিনিটের একটা গান, কিন্তু ওটা নিয়ে অসংখ্যবার আমাদের বসতে হয়েছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন হয়েছে। বুঝতেই পারছেন, খুব ভালো একটা গান তৈরির চেষ্টা ছিল। গানটা শোনার পর সবাই যখন প্রশংসা করছে, তখন মনে হচ্ছে পরিশ্রমটা সার্থক হয়েছে।গানটির পুরো কাজ এখানেই হয়েছে?কিছু কাজ ভারতের মুম্বাইতে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এর সঙ্গে দেশ, দেশের মানুষ এবং জাতীয় দলের ভাবমূর্তি জড়িত, তাই শেষে পুরো কাজটা এখানেই করার সিদ্ধান্ত হয়।গানটি নিয়ে অ্যালবাম করার পরিকল্পনা কখন হলো?গানটা যখন চূড়ান্তভাবে নির্বাচিত হয়, তারপরই অ্যালবাম আকারে তা ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আরও কিছু গান তৈরি হয়েছে। ‘কাপ কিন্তু একটাই’ এবং তেমনি কিছু ভালো গান বাছাই করা হয়। সব মিলিয়ে এটি একটি চমৎকার অ্যালবাম।অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান নিয়ে কিছু বলুন।গত মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলেন জাতীয় দলের ক্যাপ্টেন সাকিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল। এই অনুষ্ঠানে জাতীয় দলের জার্সিও উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আমি আর বাপ্পা মজুমদার গান করেছি।গানটি নিয়ে সামনে আর কী পরিকল্পনা হচ্ছে?শুনেছি আগামী ১৬ ফেব্রুয়ারি বসুন্ধরা সিটিতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ওখানে আমি গানটি করব।