ঘড়ির কাঁটা চারটা পেরিয়ে গেছে। মাথার ওপর গনগনে সূর্য। শত শ্রোতা-দর্শক অপেক্ষমাণ। তরুণের হাত ধরে তরুণী, যুবকের সঙ্গে যুবতী—এই কাতারে দেখা গেল বয়স্কদেরও। অধীর অপেক্ষায় সবাই, কখন শুরু হবে অনুষ্ঠান!আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের পরিবেশ প্রকম্পিত করে ‘না’ ধ্বনি উঠল মাদকের প্রতি। মাদককে ‘না’ বলার মধ্য দিয়েই গতকাল শনিবার শুরু হয়েছিল বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট।নির্ধারিত সময়ের আগেই এসেছিলেন শিল্পীরা। মূল মঞ্চের অদূরে তাঁদের বিশ্রামস্থল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঘরটি তারকাময় হয়ে উঠল। কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আসিফ আকবর, অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মীম, শখ ও এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমদের দেখামাত্রই ছুটে যায় দর্শক—মুঠোফোনে ছবি তোলা, অটোগ্রাফ নেওয়ায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে তারা। তারকারাও ভক্তদের নিরাশ করেননি।মাটির নক্ষত্রের কাছে আকাশের নক্ষত্র হেরে গেল। সূর্যের তেজ উপেক্ষা করে যখন আনিসুল হকের ঘোষণার মধ্য দিয়ে মঞ্চে এলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, উল্লাসে ফেটে পড়ে দর্শক। মূলত অভিনয় করলেও চঞ্চল গানও করেন। খালি গলায় মনপুরা সিনেমার দুটি গান গেয়ে শোনান তিনি।বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টের আয়োজনে অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল সংগীত তারকাদের সঙ্গে পর্দার নক্ষত্রদের উপস্থিতি। একসময় তাঁরা মঞ্চে উঠলেন দর্শকের সঙ্গে সংহতি প্রকাশ করতে। জানিয়ে দিলেন মাদকের বিরুদ্ধে তাঁদের অবস্থান। তারকাদের আহ্বানে হাজারো দর্শক বারবার হাত উঁচিয়ে মাদকের বিরুদ্ধে ‘না’ উচ্চারণ করে।বিগত কয়েক বছর এই আয়োজনের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘আজ ভালো লাগছে এই ভেবে যে, আমরা আমাদের প্রচেষ্টায় কিছুটা হলেও সফল। একদিন আমরা পুরোপুরি সফল হব। বাংলাদেশে কোনো মাদকাসক্ত থাকবে না।’ ফাহমিদা নবী মাদকাসক্তকে নয়, আসক্তিকে ঘৃণা করার আহ্বান জানালেন।সামিনা চৌধুরী যুবসমাজকে উন্নয়নশীল দেশের বড় শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে এই মুহূর্ত থেকে আর মাদক নয়।’ মুসা ইব্রাহীম জানালেন তাঁর এভারেস্ট বিজয়ের পেছনে আত্মশক্তির কথা, জীবনে কখনো মাদক না নেওয়ার কথা। মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক রশিদ আহমেদ। দর্শক বাড়তে থাকে। সূর্যও ডোবে। কিছুটা বিরতি। নড়েচড়ে বসা। সন্ধ্যার আঁধারে কৃত্রিম আলোর ফুলকির সঙ্গে ফাহমিদা ও সামিনা দুই বোনের একসঙ্গে ‘দূর দ্বীপবাসিনী’, ‘লুকোচুরি গল্প’, ‘আমার মাঝে নেই এখন আমি’সহ আরও কয়েকটি গানের হূদয় নিংড়ানো উপস্থাপনা।ঘড়ির কাঁটা আটটা পেরিয়ে গেলেও অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ। ফ্যান্টাসি কিংডমের আশপাশের ভবনগুলোর ছাদে ও প্রবেশপথে শত শত মানুষ। গানের সুরে কান পেতে আছে সবাই। পুরো এলাকা তখন যেন সংগীতের কোনো মায়াবী জগৎ। বাতাসে ছড়িয়ে পড়েছে আসিফের গাওয়া ‘বদলে যাও’, ‘রেল লাইনের ঐ বস্তিতে’ ও ‘সাবাস বাংলাদেশ’; এলআরবির ‘আ’, ‘উড়াল দেব আকাশে’, ‘সেই তুমি’সহ জনপ্রিয় গানের সুর। সব শেষে আইয়ুব বাচ্চু গিটারে জাতীয় সংগীতের সুর বাজিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান।সত্যিকারের একটি সফল আয়োজন ছিল গতকাল। আব্দুন নূর তুষারের প্রাণবন্ত উপস্থাপনায় পুরোটা সময় ফ্যান্টাসি কিংডমে আসা দর্শক দারুণ আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অনুষ্ঠান উপভোগ করেছে। কনসার্ট-জুড়ে ছিল তারুণ্যের জয়জয়কার। কনসার্টে প্রিয় শিল্পীদের সঙ্গে গলা মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেছে দর্শক। তবে এই আনন্দ-উল্লাসের মধ্যে তারা বারবার উচ্চারণ করেছে মাদকমুক্ত থাকার শপথ, আশপাশের মানুষকে মাদকমুক্ত রাখার প্রয়াসের কথা। ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে মাদক ব্যবসায়ীদের।মাদকবিরোধী এই কনসার্টে সার্বিক সহযোগিতা করছে বাংলালিংক, কনকর্ড, চ্যানেল আই ও প্রথম আলো বন্ধুসভার ঢাকার সদস্যরা।