বাংলাদেশের গণসংগীতের পরম্পরায় ঋষিজ শিল্পীগোষ্ঠী একটি বিশিষ্ট ভূমিকা রেখে চলেছে। তাদের সেই অগ্রযাত্রার পূর্ণ হলো ৩৫ বছর। এ উপলক্ষে আলোচনা সভা, পদক বিতরণ ও সংগীতানুষ্ঠান হলো সংগঠনটির আয়োজনে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীকে এবার ঋষিজ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সম্পাদক হাসান আরিফ প্রমুখ। সভাপতিত্ব করেন ঋষিজের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় শিল্পীসংগ্রামী অজিত রায়ের স্মৃতির প্রতি।অভ্যুদয়ে শিল্পীদের গাওয়া ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর তাঁরা পরিবেশন করেন ‘ও আমার দেশের মাটি’। অনুষ্ঠানের শুরুতে এ বছর প্রয়াত সব শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।আলোচনায় বক্তারা দেশকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘সাম্প্রদায়িকতামুক্ত গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা এসেছে বারবার। জনতা লড়েছে তার অধিকার আদায়ের সংগ্রামে। গণসংগীত সেই সংগ্রামে প্রেরণা জাগিয়েছে। সেখানে ৩৫ বছর ধরে ঋষিজ নানা প্রতিকূলতা অতিক্রম করে তাদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশের গণসংগীতের ক্ষেত্রে অনেক সময়োপযোগী গান উপহার দিয়ে গণসংগীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছে।’ঋষিজ শিল্পীগোষ্ঠীর যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালের ২২ নভেম্বের। ১৯৮৩ সাল থেকে তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘ঋষিজ পদক’ প্রদান করে আসছে। এর অর্থমান ২০ হাজার টাকা। সঙ্গে রয়েছে ক্রেস্ট ও সনদ। পরে সংগীতানুষ্ঠানে দলীয় পরিবেশনায় সুর বিহারের শিল্পীরা গেয়ে শোনান ‘আকাশভরা সূর্য-তারা’। ঋষিজের শিল্পীরা শোনান ‘মানুষের মাঝে বসবাস করি মানুষে মিলেছে ঠাঁই’। ক্রান্তির শিল্পীরা গাইছিলেন ‘সেদিন আর কত দূরে’। দলীয় পরিবেশনায় আরও ছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, এনায়েত এ মওলা ও ফকির আলমগীর।শেষ হলো বইমেলাগান, কবিতা আবৃত্তি, অনুগল্প পাঠ ও পথনাটক প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হলো হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী বইমেলা। গতকাল সমাপনী দিনে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে বসেছিল সংস্কৃতিমনা ব্যক্তিদের মিলনমেলা।এতে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর। তিনি হুমায়ূন আহমেদের আশু রোগমুক্তি কামনা করেন।অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন নন্দকানন পঞ্চকবির গান ও পথনাটক বায়োস্কোপ প্রদর্শন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি কামাল চৌধুরী, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, সালেহ চৌধুরী, জুয়েল আইচ প্রমুখ বক্তব্য দেন। আবৃত্তি করেন কবি বেলাল চৌধুরী, নুরুল হুদা, হাসান হাফিজ প্রমুখ।শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও কারুমেলাকারুশিল্পে জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার এবং শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রতিবছর শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান ও কারুশিল্প মেলার আয়োজন করে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আর্ট প্লাজায় কাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান ও পাঁচ দিনব্যাপী কারুমেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ উপলক্ষে গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি মুনীরা এমদাদ, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী প্রমুখ। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।ঢাকা আর্ট সেন্টারে শিল্পকলা প্রদর্শনীধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে আজ বুধবার থেকে শুরু হচ্ছে চার শিল্পীর পাঁচ দিনব্যাপী যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন। প্রদর্শনীর শিল্পীরা হলেন, কাজী ওয়াহিদ আরা, লিটন ভূঁইয়া, ফারজানা রিপা ও সামিনা নাফিজ। প্রদর্শনী চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।