গানে কবিতায় জাতীয় কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট-বড় নানা অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকা ছিল মুখর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল এসব অনুষ্ঠানের। নজরুলের গান, কবিতা ও নাটক পরিবেশনা এবং তাঁর দর্শন নিয়ে আলোচনার মাধ্যমে স্মরণ করা হয়েছে প্রিয় কবিকে। বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। এ ছাড়া ছিল শোভাযাত্রা। কবির জন্মবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানেও ছিল নানা আয়োজন।সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে জাতীয় কবির কবরে ফুল দেন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান কবির নাতনি খিলখিল কাজীসহ পরিবারের অন্য সদস্যরা। সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নজরুল একাডেমি, নজরুল আবৃত্তি পরিষদ, গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, স্যার এ এফ রহমান হলসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুলে ফুলে ছেয়ে যায় বিদ্রোহী কবির কবর।কবর প্রাঙ্গণে স্মরণসভায় সভাপতিত্ব করেন উপাচার্য আরেফিন সিদ্দিক। এতে বক্তব্য দেন সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, অধ্যাপক মীজানুর রহমান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। বাংলা একাডেমী: জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভা হয়। এতে ‘বিদ্রোহী সমালোচনায় উত্তমর্ণের অপরিশোধিত ঋণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মনিরুজ্জামান। স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক শান্তনু কায়সার ও সাদিয়া আফরিন মল্লিক।রফিকুল ইসলাম বলেন, নজরুলের প্রকৃত সমালোচনা খুব একটা হয়নি। তাঁর সৃষ্টিশীল রচনাগুলোর সঠিক মূল্যায়ন করা খুব জরুরি। তাহলেই জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম পাঠকমনে নতুনভাবে উপস্থাপিত হবেন।শামসুজ্জামান খান বলেন, ‘নজরুলের সৃষ্টি এতই বিস্তৃত যে এর অনেক কিছুই আমাদের অজানা রয়ে গেছে। এগুলো উদ্ধার করা গেলে নজরুল সম্পর্কে আমাদের চেতনা আরও সমৃদ্ধ হবে।’ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও শিমুল মোস্তফা। সংগীত পরিবেশন করেন সুজিত মোস্তফা, লীনা তাপসী, শারমিন সাথী ইসলাম ও সাইম রানা। শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান: নজরুলজয়ন্তীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে ছিল নজরুলের গান, কবিতা ও নৃত্যনাট্যের মনোমুগ্ধকর পরিবেশনা। একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন যোশেফ কমল রড্রিক্স, ফকির সুমন, জান্নাত এ ফেরদৌসী, সাফিয়া নাজ, রওশন আরা, তানভীর আলম, জিয়াউল হাসান প্রমুখ। গান ও আবৃত্তির ফাঁকে ফাঁকে দলীয় নৃত্য পরিবেশন করে কত্থক সম্প্রদায়, রেওয়াজ, ঘাস ফুল নদী ও ঝংকার। ছায়ানট: নজরুল জন্মবার্ষিকীতে ধানমন্ডির ছায়ানট ভবনও ছিল সরব। সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে নজরুল রচনা থেকে পাঠ, সম্মেলক ও একক কণ্ঠে গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পালাক্রমে চলে গান ও পাঠপর্ব। গানের সঙ্গে ছিল একক ও দলীয় নৃত্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের পাদদেশে নজরুল বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে নজরুলের ‘উল্লাসে কাঁপে বিদ্রোহীবীণা’সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন ফখরুল ইসলাম, আশিকুর চৌধুরী, মোসলেহউদ্দিন প্রমুখ।ঢাকা বন্ধুসভা: দাও শৌর্য দাও ধৈর্য—এই গান দিয়ে শুরু হয় ঢাকা বন্ধুসভার আয়োজনে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে প্রথম আলো কার্যালয়ের সেমিনার কক্ষে হয় এই অনুষ্ঠান। এতে অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠানে নজরুলের গান, ছড়া, কবিতা, বক্তব্য ও প্রবন্ধ পরিবেশন করেন তাঁরা। অনুষ্ঠানে বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘নজরুলের চিন্তা ও আদর্শে প্রভাবিত হয়ে আমাদের এই সোনার বাংলাদেশ গড়তে হবে।’ অনুষ্ঠান সঞ্চালন করেন আশফাকুজ্জামান ও রফিকা ইসলাম।