গানে গানে আনন্দসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘলা দিনের সন্ধ্যায় গতকাল রবীন্দ্রনাথের গান শুনিয়ে শ্রোতাদের মন ভরিয়ে দিলেন শিল্পী শামা রহমান। বেঙ্গল গ্যারিতে ‘আজি এ আনন্দসন্ধ্যা’ দিয়ে তিনি শুরু করেছিলেন তাঁর পরিবেশনা।‘প্রাণের খেলা’ নামে বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় এই গানের আসর বসে। শামা রহমানের সঙ্গে তরুণশিল্পী এ টি এম জাহাঙ্গীরও শ্রোতাদের গান শোনান। এ টি এম জাহাঙ্গীর ‘কে গো অন্তরতর সে’, ‘দুজনে দেখা হল’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান।পরে শামা রহমান শোনান ‘বিরহ মধুর হল’, ‘হেলাফেলা সারা বেলা’, ‘হূদয় আমার প্রকাশ হল’, ‘সকরুণ বেণু’, ‘আমার খেলা যখন’, ‘এ শুধু অলস মায়া’সহ রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের গানে গানে শ্রোতাদের মন ভরিয়ে তোলেন।হেনা কবীর সংগীতসন্ধ্যাজাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয় হেনা কবীর সংগীতসন্ধ্যা। হেনা কবীর স্মৃতি সংসদের আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীরা বিটিভির প্রথম পর্যায়ের উপস্থাপিকা হেনা কবীরের্র প্রতি গানে গানে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সংগীতপর্বের শুরুতেই শিল্পী মেহেরুন আহমেদ পরিবেশন করেন ‘চলিতে চলিতে থেমে যায়’ ও ‘ঠিকানা না রেখে ভালোই করেছ’ গান দুটি। আবদুল হাদী গেয়ে শোনান ‘ঠিকানা না রেখে ভালোই করেছ’। তাঁর দ্বিতীয় পরিবেশনা ছিল হিন্দি গান ‘মাত করো তু অভিমান’। সিনেমার গান ‘সাগরের সৈকতে‘ গেয়ে শোনান পারুল বণিক। তাঁর দ্বিতীয় পরিবেশনা ছিল ভাওয়াইয়া গান ‘ওকি ও বন্ধু কাজল ভোমরা রে’। সংগীতপর্বের আগে ছিল আলোচনা। এতে বক্তব্য দেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, শহীদুল হক খান, আহমেদ শরীফ, রাশেদ মাকসুদ খান প্রমুখ।সংগীত সংগঠন সমন্বয় পরিষদের পাক্ষিক অনুষ্ঠানবাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ভালোমানের অনুষ্ঠান উপস্থাপনে সংগঠনগুলোকে সহযোগিতা দান এবং শ্রোতা-দর্শকদের দর্শনীর বিনিময়ে গান শোনার আগ্রহ তৈরির লক্ষ্যে নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান আয়োজন করছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার এই অনুষ্ঠান শুরু হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে ১৫ দিন অন্তর অন্তর বিভিন্ন দলের পরিবেশনা নিয়ে এই অনুষ্ঠান চলবে।সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, নিয়মিত আয়োজন শুরুর এই পরিবেশনায় অংশ নিচ্ছে সৃজনশীল গানের দল ‘নিবেদন’। রামপ্রসাদ সেনের ২০টি গান নিয়ে ‘রামপ্রসাদি গান’ শীর্ষক অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। উদ্বোধন পর্বে আলোচনা করবেন করুণাময় গোস্বামী, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও পরিচালক মাহমুদ সেলিম।লালন উৎসবের আজ শেষ দিনকুষ্টিয়া অফিস জানায়, সাঁইজির প্রতি ভক্তি নিবেদন করে গতকাল মঙ্গলবার থেকেই আখড়াবাড়ি থেকে আপন ঠিকানায় ফিরতে শুরু করেছেন সাধুসন্ত ও লালনের ভক্ত অনুসারীরা। তবে জেলা প্রশাসন আয়োজিত চার দিনের লালন স্মরণোৎসব আজ বুধবার সন্ধ্যায় আলোচনা ও রাতভর গানের মধ্য দিয়ে শেষ হবে।বাউলেরা জানান, ভক্ত, সাধু, গুরুর সান্নিধ্য লাভের আশায় আবার সবাই মিলিত হবে সাঁইজির দোল উৎসবে।গতকাল তৃতীয় দিন সন্ধ্যায় লালন-দর্শন নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লালন-গবেষক আবুল আহসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ বেগম সুলতানা। পরে মুঠোফোন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে লালন একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।এদিকে স্মরণোৎসবের কার্যক্রম আজ থেকে শেষ হলেও কারুপণ্যের সামগ্রী নিয়ে লালন মেলা চলবে মাসব্যাপী। জেলা প্রশাসনের আয়োজনে এবারই প্রথম মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।