গানে গানে বরেণ্য সুরকারদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তিন যুগ পূর্তি উপলক্ষে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রয়াত ১০ জন সুরকারের সুরারোপিত গানের দুই দিনব্যাপী অনুষ্ঠান। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এতে ওস্তাদ মমতাজ আলী খান, শেখ লুৎফর রহমান, ধীর আলী মিয়া, খান আতাউর রহমান ও সত্য সাহাকে স্মরণ করা হয় এবং এই সুরকারদের সংক্ষিপ্ত জীবনী ও উল্লেখযোগ্য কাজের বর্ণনা দেওয়া হয়।ষাটের দশকে যাঁদের সুর করা গান শ্রোতাদের মুগ্ধ করেছিল, সেই গানই আবার কাল ফিরে এল মঞ্চে। শিল্পীদের কণ্ঠে বহুদিনের জনপ্রিয় সেসব গানের সঙ্গে সুর মেলালেন শ্রোতারাও।শুরুতে খান আতাউর রহমানের সুর করা গান ‘হায় রে আমার মনমাতানো দেশ’ ও ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’—এই গান নিয়ে এলেন তাঁর মেয়ে শিল্পী রোমানা ইসলাম।আবদুল জব্বার গাইলেন ‘মন রে ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়’, ‘কলসি কাঁখে ঘাটে যায় কোন রূপসী’—এই দুটি গান।সুবীর নন্দী ‘দিন যায় কথা থাকে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে’ পরিবেশন করেন।এ ছাড়া সংগীত পরিবেশন করেন শিল্পী আবু বকর সিদ্দিক, মাহমুদ সেলিম, শাম্মী আখতার, শাহীন সামাদ, সরদার রহমতউল্লাহ।অনুষ্ঠানে দেশবরেণ্য সুরকারদের উদ্দেশে বলেন সংগীতজ্ঞ মোবারক হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক মাহামুদ সেলিম।কবীর চৌধুরী স্মরণেপ্রবেশমুখে প্রদীপ আর ফুলে ঘেরা জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর হাস্যোজ্জ্বল ছবি। নিদ্রা থেকে চিরনিদ্রায় চলে গেছেন যে মানুষটি, তাঁর ৯০তম জন্মবার্ষিকী সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবীর চৌধুরীকে স্মরণ করা হলো। যে সংগঠনগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি—থিয়েটার, থিয়েটার স্কুল ও থিয়েটার পত্রিকার আয়োজনে ছিল এই অনুষ্ঠান। শুরুতেই শিল্পী তানজুম আরার গাওয়া ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে’ রবীন্দ্রসংগীতের সঙ্গে তাঁর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক আনিসুজ্জামান, আলী যাকের, রামেন্দু মজুমদারসহ অনেকে। শেষে থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় স্যামুয়েল বেকেটের রচিত নাটক ওয়েটিং ফর গডো মঞ্চস্থ হয়।ঢাকা আর্ট সামিটদেশে প্রথমবারের মতো ঢাকা ‘আর্ট সামিট’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সামদানী আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে এই আর্ট সামিটের যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। এতে সহযোগিতা দেবে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস। গতকাল শিল্পকলা একাডেমী আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, সিটি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, শিল্পী মুনিরুজ্জামান ও সামদানী আর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি রাজীব সামদানী। আগামী ১২ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা আর্ট সামিট। এর মূল কেন্দ্র হবে শিল্পকলা একাডেমী ও জাতীয় জাদুঘর। উদ্বোধনী আনুষ্ঠানটি হবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। সামিটে সামদানী আর্ট ফাউন্ডেশন ১০ লাখ টাকা মূল্যমানের ‘সামদানী আর্টিস্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ এবং পাঁচ লাখ টাকা মূল্যমানের ‘সামদানী ইয়ং আর্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করবে। এই প্রতিযোগিতায় ২০ থেকে ৩৫ বছর বয়সের বাংলাদেশি শিল্পীরা অংশ নিতে পারবেন।