গানে গানে বর্ষবরণ করল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে বাংলা নববর্ষকে বরণ করেছে আওয়ামী লীগ। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আওয়ামী লীগের এই আয়োজন চলে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত প্রায় নয়টা পর্যন্ত। গানের প্রাধান্য থাকলেও বর্ষবরণের আয়োজনে আবৃত্তি ও মুক্তিযুদ্ধভিত্তিক নানা উপস্থাপনাও বাদ যায়নি।গুণী ও নন্দিত শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আগত কয়েক হাজার দর্শকও। বাঙালির ঐতিহ্য বৈশাখের গানে শুরু হয় অনুষ্ঠান। একটানা চলে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, বাউলসংগীত, মুক্তিযুদ্ধের গান। বাদ যায়নি ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানও। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় যখন শুরু করেন ‘বছর ঘুইরা আইল বৈশাখ...’, তখন সমস্বরে গলা মেলান সমবেত লোকজন।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী মলয় কুমার গাঙ্গুলি ভরাট গলায় ধরেন ‘তুই যদি আমার হইতি রে...’। গান শুনে তন্ময় হন দর্শকেরা। একইভাবে শান্তা সরকারের ‘তুমি বিনে আকুল পরান...’ এবং আবু বকর সিদ্দিকের ‘নিশা লাগিল রে...’ গানগুলো উপস্থিত দর্শকদের হাততালি কুড়ায়। এ ছাড়া গান পরিবেশন করেন ফকির আলমগীর, চন্দনা মজুমদার, তিমির নন্দী, অনিমা রায়, কানন বালা সরকার প্রমুখ।অনুষ্ঠান শেষ হয় মঞ্জিলা দেওয়ানের বাউলসংগীত দিয়ে।বর্ষবরণ অনুষ্ঠানে চরমপত্রের অংশবিশেষ পাঠ করা হয়। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের একাংশ উপস্থাপন করেন সাবিরা মাহমুদ। মুক্তিযুদ্ধে বাংলার নারীদের ওপর পাকিস্তানি হানাদার নরপিশাচদের নৃশংস নির্যাতন ফুটিয়ে তোলা হয় তাঁর উপস্থাপনায়।নতুন বছরকে যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্মরণীয় করে রাখার শপথ নেওয়া হয় আওয়ামী লীগের বর্ষবরণের এ অনুষ্ঠানে। এতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর।