গানে গানে বসন্তবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শহরে পাখির কলকাকলি কানে পড়ে না তেমন। ফুলের দেখা পেতে যেতে হয় উদ্যানে। তবু এর মাঝেই কালের আবর্তনে আসে বসন্ত। ব্যস্ত নাগরিকের মনেও তার ছোঁয়া লাগে। গতকাল রোববার ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে আয়োজন ছিল বসন্তবন্দনা। সেখানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার আয়োজনে সংগীত, নৃত্য আর আলাপচারিতায় বসন্ত উৎসব হয়ে উঠেছিল আনন্দঘন। আয়োজনের শুরুতেই ছিল আয়োজক সংগঠনের শিল্পীদের সম্মেলক গানের পরিবেশনা। ঋতুরাজকে স্বাগত জানিয়ে শিল্পীরা পরিবেশন করেন ‘এসো এসো বসন্ত ধরাতলে’, ‘আজি দখিন দুয়ার খোলা’। গানের সুরে নূপুরের ঝংকার তোলেন নৃত্যনন্দনের শিল্পীরা। এ ছাড়া ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন’, ‘মধুর বসন্ত এসেছে’ ও ‘ঝরো ঝরো ঝরো ঝরো ঝরে’, ‘ওরে আয় রে তবে’, ‘এবার বিদায়বেলার সুর ধরো’ গানের সঙ্গেও ছিল নৃত্য। অনুষ্ঠানে একক কণ্ঠে গান শোনান মিতা হক, বুলবুল ইসলাম, লাইসা আহমেদ, অদিতি মহসিন, পার্থসারথী সিকদার, সাঈদা হোসেন, স্বাতী সরকার, শ্রাবণী মজুমদার, নন্দিতা সরকার, কৃষ্টি হেফাজ, ইমরানুল হক ও মোস্তাফিজুর রহমান। তাঁরা পরিবেশন করেন ‘ঝরাপাতা গো’, ‘তুমি কিছু দিয়ে যাও’, ‘বসন্ত সে যায় তো হেসে’, ‘চরণরেখা তব যে পথে’ গানগুলো।সংকলিত রবীন্দ্রসাহিত্য থেকে বসন্তবন্দনা করেন শাহেদ ইমাম। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি শাজাহান ফারুক। প্রাণবন্ত এই আয়োজনে কবিগুরুর বসন্তের গানের সঙ্গে নাচের ছন্দে স্পন্দিত হয় সমাগতদের চিত্ত।