গানে গানে বাঙালির আন্দোলন
বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে ছিল সে সময়ের বেশ কিছু সংগীতের অসামান্য অবদান। সেই উত্তাল দিনগুলোতে বিভিন্ন গান আন্দোলনকে আরও বেগবান করে তুলেছিল। একেকটা গান যেন একেকটা মারণাস্ত্র। শত মানুষের হূদয়ের কথার গানগুলোই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেজে উঠেছিল শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে।ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের আয়োজনে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র পরিবেশন করেছিল এই জাগরণের গান।‘ও আমার দেশের মাটি’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘এই না বাংলাদেশের গান’সহ মোট ২২টি গান গেয়ে শোনান শিল্পীরা। এর মধ্যে ছিল একক ও সমবেত কণ্ঠের পরিবেশনা। এ ছাড়া ‘ধনধান্য পুষ্পভরা’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘নোঙর তোলো তোলো’সহ আরও বেশ কিছু গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সব শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।গতকালের অনুষ্ঠানটি বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সপ্তম আয়োজন। দর্শনীর বিনিময়ে প্রতি মাসে পরিষদ দুটি করে পাক্ষিক গানের আসরের আয়োজন করে আসছে। পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায় জানান, এরই ধারাবাহিকতায় আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ‘ইতিহাস কথা কও’ শীর্ষক গানের অনুষ্ঠান।