গানে গানে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসমাগম শুরু হয়েছিল অনুষ্ঠান শুরুর আগেই। পূর্ব গগনে ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হলো এস্রাজবাদন। সুরের মূর্ছনা দিয়েই নববর্ষের প্রভাতে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবের সূচনা হয়েছিল গত বুধবার। ছায়ানটের এই প্রভাতী সংগীতানুষ্ঠান এখন পরিণত হয়েছে বৈশাখি উৎসবের ঐতিহ্যের অংশ হিসেবে।বৈরাগী রাগে অসিত বিশ্বাসের এস্রাজবাদনের পর গানের পালা। এবারের অনুষ্ঠান সাজানো হয়েছিল তিন পর্বে। প্রথমে ছিল ভক্তিরসের রাগাশ্রয়ী গান। এরপর ছিল দেশ ও মানবতার গান এবং শেষে লোকসুরের গান। অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, লালন, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র লাল, জ্ঞান প্রকাশ ঘোষ, সলিল চৌধুরী, শচীন দেব বর্মণসহ মহাজন পদকর্তাদের গানে গানে নববর্ষকে বরণ করা হয়। সমবেত কণ্ঠে ‘প্রভাতে বিমল আনন্দে’ গানটি দিয়ে গানের পালা শুরু। অনুষ্ঠানের গানগুলোর মধ্যে ছিল ‘সে ডাকে আমারে’, ‘উদার অম্বরে দরবারে’, ‘খেলিছ এ বিশ্ব লয়ে’, ‘এলোরে ভোরের পাখি’, ‘আলোয় আলোকময় করে হে’, ‘তোর আপনজনে ছাড়বে’, ‘এই না বাংলাদেশের গান’, ‘শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে’, ‘আজ জীবন খুঁজে পাবি’, ‘আমি তাকদুম তাকদুম বাজাই’, ‘এসো বৈশাখ তোমায় আমি’, ‘সর্বসাধন সিদ্ধ হয় তার’, ‘সেদিন আর কত দূরে’।একক গানে অংশ নেন শারমিন সাথী ইসলাম, সুমন মজুমদার, প্রিয়াংকা গোপ, পার্থ তানভীর নভেদ, খায়রুল আনাম, সিয়ায়েত উল্লাহ্, বিপুল ভট্টাচার্য, লাইসা আহমেদ, শাহীন সামাদ, ইফফাত আরা দেওয়ান, তানিয়া মান্নান, এ টি এম জাহাঙ্গীর, শর্মিষ্ঠা খন্দকার, চন্দনা মজুমদার ও অনিন্দ্য রহমান। গোলাম সারোয়ার রবীন্দ্রনাথের ‘পনেরো আনা’ ও ফাহিমা সামাদ জীবনানন্দ দাশের ‘তিমির হননের গান’ আবৃত্তি করেন । ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের শুভেচ্ছা বক্তব্যের পর শিল্পীদের সঙ্গে সমবেত সবার কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।