গানে গানে শিল্পীদের সম্মিলনী
সারা দেশ থেকে আসা সংগীত সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা উৎসবমুখর হয়ে উঠেছিল গতকাল শুক্রবার। প্রাণখোলা আড্ডা, সাংগঠনিক কার্যক্রম আর সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর আনন্দঘন পরিবেশে কাটিয়েছেন অংশগ্রহণকারীরা। ছুটির দিন সকালেই শুরু হয়েছিল বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদের দিনব্যাপী প্রতিনিধি সভার কাজ। প্রবীণ লোকসংগীতশিল্পী অমর চন্দ্র শীল অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বরিশালের প্রতিনিধি আক্কাস হোসেন। এরপর কর্মীরা বাদ্যের তালে তালে বেলুন উড়িয়ে একাডেমী প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এরপর দুপুর পর্যন্ত ছিল আলোচনা। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় সংগঠনের ঢাকার সাংস্কৃতিক দলগুলো।রবীন্দ্র, লোকগীতি, বাউল, ভাওয়াইয়া ও আধুনিক গান পরিবেশন করেন শিল্পীরা। ‘আলো আমার আলো’, ‘আকাশ জুড়ে শুনিনু ওই’, ‘কোন মিস্তরি’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘নয়া বছর আইলো রে’, ‘মুই যে হনু কাঞ্চা নারী’, ‘এসো হে বৈশাখ’, ‘তোমায় করিলাম বরণ’সহ আরও বেশ কিছু গান পরিবেশন করেন শিল্পীরা। সংগীত পরিবেশন করে বাউল প্রচার সংস্থা, মন্দিরা শিল্পীগোষ্ঠী, বিশ্ববীণা, বাসুরীয়া, দোলনচাঁপা, গীত শতদল, ভাওয়াইয়া অঙ্গন, লোকাঙ্গনসহ বিভিন্ন সংগঠন। সন্ধ্যার আলোচনা সভায় অংশ নেন সংগীত গবেষক করুণাময় গোস্বামী, লিয়াকত আলী, তপন মাহমুদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশ্বজিৎ রায়, সাজেদ আকবর, মাহমুদ সেলিম প্রমুখ।