গানে গানে শুরু হলো ‘রবীন্দ্র-উৎসব: সুরের ধারা’ (ভিডিও)
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রবীন্দ্র-উত্সব: সুরের ধারা’। তিন দিনের এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের দুই হাজার ২২২টি গানের অ্যালবাম ‘শ্রুতি গীতবিতান’-এর ডিজিটাল মোড়ক খোলেন।শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, ‘এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর প্রতিষ্ঠান সুরের ধারা রবীন্দ্রনাথের সব গানকে এক জায়গায় করা এবং আমাদের তা শোনার সুযোগ করে দিয়েছে।’ তিনি বলেন, ‘আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত । তাঁর কথা বলে শেষ করা যায় না। রবীন্দ্রনাথ না পড়লে জীবনটাই বৃথা।’ প্রধানমন্ত্রী শিল্পী বন্যাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে যাঁরা সমবেত হয়েছেন, তাঁদেরকেও কৃতজ্ঞতা জানান।শেখ হাসিনা আরও বলেন, ‘আমি নিজেও বাংলা সাহিত্যের ছাত্রী। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য কীভাবে চর্চা হবে, এটা জানা ছিল না। আমাদের দুঃখ-বেদনা, আশা, যা কিছু প্রকাশ সব জায়গায় আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই।’ শেখ হাসিনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা প্রকাশ করেন।এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ‘শ্রুতি গীতবিতান’-এর ডিজিটাল মোড়ক খোলেন। এ সময় অমর্ত্য সেন বলেন, ‘শ্রুতি গীতবিতানের মোড়ক খোলার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এটার চেয়ে বড় আনন্দের অন্য কিছু হতে পারে না। আজকে সত্যিকার অর্থে আমাদের জন্য একটা আশ্চর্য দিন। ছোটবেলা থেকেই রবীন্দ্রচর্চা করে আসছি। কিন্তু রবীন্দ্র-সৃষ্টি দিয়ে যে এ ধরনের একটা কিছু যে হতে পারে, সেটা কখনো ভাবিনি।’