গানের চিত্রায়ণে নাফিজা-সাব্বির
সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী নাফিজা জাহান। নাফিজার সঙ্গে সহ-মডেল হিসেবে ছিলেন গানটির শিল্পী ক্লোজআপ তারকা সাব্বির। সাব্বিরের সর্বশেষ একক অ্যালবাম ‘ভালোবাসা ব্যক্তিগত’র একটি গানের এই মিউজিক ভিডিওটির মাধ্যমে সাব্বির ও নাফিজা প্রথমবারের মতো একসঙ্গে মডেল হলেন। ‘তুমি ছুঁয়ে দিলে’ শিরোনামে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির নিজেই। সাব্বির জানান, এই মিউজিক ভিডিওটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। সাব্বির বলেন, ‘টেলিভিশন চ্যানেলে প্রচারের উদ্দেশ্যেই গানটির চিত্রায়ণে অংশ নেওয়া। এতে প্রথমবারের মতো নাফিজার বিপরীতে মডেল হয়েছি। বেশ সুন্দর একটি কাজ হয়েছে, আশা করছি গানটির চিত্রায়ণে আমাদের একসঙ্গে দেখে ভালো লাগবে।’এ প্রসঙ্গে নাফিজা বলেন, ‘আমি আগে কখনো অ্যালবামের গানের চিত্রায়ণে অংশ নিইনি। এ গানটি শুনে আমার বেশ ভালো লেগেছে, তাই শিল্পী সাব্বিরের সাথে এতে মডেল হয়েছি। তবে এর চিত্রনাট্যটি আমার ভালো লেগেছে।’