গানের পাশাপাশি উপস্থাপনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারত যৌথভাবে উদ্যাপন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। ভারতের নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আজ সকালে তিন দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রতিদিন বিকেলে মেঘদূত থিয়েটারে আয়োজন করা হয়েছে গান, আবৃত্তি আর নাচের অনুষ্ঠান। আজ শনিবার এখানে গান করবেন অদিতি মহসিন। গতকাল শুক্রবার দুপুরে বিমানবন্দরে যাওয়ার আগে কথা হয় তাঁর সঙ্গে। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কে কে অংশ নিচ্ছেন?তিন দিনের অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় গান করব আমি, রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাহিম হোসেন চৌধুরী। আর রোববার সন্ধ্যায় শামা রহমান ও লিলি ইসলাম। তৃতীয় দিন থাকছে জাগো আর্ট সেন্টারের নাচ। প্রতিদিনই ভারতের শিল্পীদের পরিবেশনা থাকবে। এই অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?প্রত্যেকেই তিন-চারটি করে গান করব। রবীন্দ্রজয়ন্তীর সঙ্গে মিলে যায়—এমনি কিছু গান করার পরিকল্পনা আছে। তবে ‘জগতে আনন্দযজ্ঞে’ গানটি গাওয়ার খুব ইচ্ছা আছে। কলকাতায়ও তো রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হবে।ওখানে আমার গান করা হবে না। কারণ ৮ মে ঢাকায় ফিরতে হবে। ১১ মে যুক্তরাষ্ট্রে যাব। ওখানে নিউইয়র্ক, নিউজার্সি ও পশ্চিম ভার্জিনিয়ায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হবে। কলকাতা থেকেও কয়েকজন শিল্পী যাচ্ছেন। গত সোমবার একুশে টিভিতে আপনাকে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখলাম।হ্যাঁ, ‘তারা ভরা রাতে’। বাংলা সৃজনশীল বৈঠকি গানের অনুষ্ঠান। এখানে রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্র লাল রায়ের গানের পাশাপাশি থাকছে পুরাতনী বাংলা গান, দেশের গান। একটি পর্বে একজন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। নয়টি পর্বের ধারণকাজ সম্পন্ন হয়েছে। এখানে এসেছেন রফিকুল আলম, লুভা নাহিদ চৌধুরী, খায়রুল আনাম শাকিল, শাকিলা জাফর, লাইসা আহমেদ লিসা, মিতা হক, ফাহিম হোসেন চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও শারমীন সাথী ইসলাম। উপস্থাপনা করতে কেমন লাগছে?বেশ উপভোগ করছি। নানান গানের শিল্পীর সঙ্গে কাজ করছি। অনেক কিছু জানতে পারছি। নিজে আরও সমৃদ্ধ হচ্ছি।