নীতিমালার অভাবে দেশের অডিও বাজারে অরাজকতা বিরাজ করছে। মানহীন, কুরুচিপূর্ণ গান ও ভিসিডি প্রকাশ করা হচ্ছে।শিল্পীর অনুমতি ছাড়া তাঁদের গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে। একইভাবে বরেণ্য সুরকার-গীতিকারদের পুরোনো গানগুলোও নতুন করে গাওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনো তদারকি নেই; পাশাপাশি বাজারও মন্দা। বাজার ঘুরে দেখা গেছে, গানের চেয়ে এখন নাটক কিংবা চলচ্চিত্রের সিডিই বেশি সরবরাহ করা হচ্ছে।শিল্পীদের অভিযোগ, পুরোনো গান নিয়ে নতুন অ্যালবাম বাজারে ছাড়া হচ্ছে কোনো অনুমতি ছাড়াই। এতে শিল্পী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনই বাস্তবতায় দেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব সংগীত দিবস। ১৯৮২ সালের ২১ জুন ফ্রান্স থেকে দিবসটি পালন শুরু হয়। ফ্রান্সের জাতীয় সংগীত দিবস বিশ্ব সংগীত দিবস হিসেবে প্রচার পায়। ১৯৮৫ সাল থেকে বিশ্বব্যাপী এটি পালিত হয়।শিল্পী আজম খান মারা যাওয়ার পরপরই তাঁর গান নিয়ে সংকলিত অ্যালবাম প্রকাশ করার উদ্যোগ নিয়েছে কিছু প্রতিষ্ঠান। পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর ফলে বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বিরত থাকলেও প্রকাশকের নাম ছাড়া তাঁর গানের বেশ কিছু অ্যালবাম বাজারে এসেছে। বেস্ট অব আজম খান, কেউ নেই আমার কিংবা আর দেখা হবে না শিরোনামের এসব অ্যালবামের প্রচ্ছদে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দেখা যায়নি। প্রয়াত শাহ আবদুল করিমের গানের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল প্রথম আলোকে বলেন, ‘দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই শাহ আবদুল করিমের গান অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশ করছে। এ কারণে আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। কিছু প্রতিষ্ঠান বাবার গান নিয়ে অডিও সিডি ও ভিসিডি বিক্রি করছে।’গতকাল সোমবার বাজার ঘুরে দেখা গেছে, একটা বড় অংশ দখল করে রেখেছে নিম্নমানের অ্যালবাম। এ ক্ষেত্রে সংগীত ভিডিও ও কৌতুকের অ্যালবামের সংখ্যাই বেশি। খ্যাতিমান শিল্পীদের জনপ্রিয় গানের সঙ্গে অখ্যাত মডেলদের কুরুচিপূর্ণ উপস্থাপনায় সংগীত ভিডিও তৈরি করছে কিছু প্রতিষ্ঠান।এ ছাড়া শিল্পীদের অনুমতি ছাড়াই নতুন গান মুঠোফোনের রিংটোন হিসেবে ব্যবহারের জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই শিল্পীরা সম্মানী পান না। এর সঙ্গে আছে নকল অ্যালবামের সমস্যা। এসব নকল অ্যালবামে বাজার সয়লাব। অপেক্ষাকৃত কম দাম এবং সহজলভ্যতার কারণে এর বিক্রিও বেশি। নকল রোধের জন্য ক্ষতিগ্রস্ত প্রযোজকেরা আন্দোলন করলেও বড় কোনো সাফল্য আসেনি।অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানান, একটি নতুন অ্যালবাম বাজারে আসা মাত্রই তা নকল হয়ে যায়। একটি চক্র আছে, যারা শুধু নকল ব্যবসার সঙ্গে জড়িত।নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রযোজক বলেন, অডিও প্রযোজকদের একটি সমিতি থাকলেও কার্যত তা অচল। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মিউজিকের ব্যবস্থাপনা পরিচালক ইজাজ খান বলেন, নীতিমালার প্রশ্নে সমিতি বরাবরই নীরব ভূমিকা পালন করে।সুরকার আলাউদ্দিন আলী বলেন, অডিওশিল্পের নীতিমালা গঠন জরুরি হয়ে পড়েছে। তা করতে না পারলে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়া যাবে না। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, নীতিমালা করে গানের বাজারেও চলচ্চিত্রের মতো সেন্সর বোর্ড গঠনের প্রয়োজন। এতে কুরুচিপূর্ণ কিংবা নকল গানের প্রকাশ রোধ করা যাবে।এ প্রসঙ্গে জানতে চাইলে সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম বলেন, বিষয়টির দায়িত্ব মূলত শিল্পকলা একাডেমীর। কিন্তু এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত নেই। তিনি অডিও সেন্সর বোর্ডসহ কোনো ধরনের তদারকি সেল করা যায় কি না, এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন।বাজার মন্দা, কমছে নতুন অ্যালবাম: বাজারের সার্বিক অবস্থাও মন্দা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ বছর এখনো কোনো ‘সুপারহিট’ অ্যালবাম আসেনি। প্রযোজনা সংস্থাগুলো জানিয়েছে, ক্রেতার সংখ্যা কমে গেছে। মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আরিফুর রহমান বলেন, এখন গান জনপ্রিয়তা পেলেও অ্যালবাম জনপ্রিয় হয় না। কেননা, ইন্টারনেট থেকে শ্রোতারা গান ডাউনলোড করছে। পাশাপাশি এফএম রেডিও এবং বিভিন্ন চ্যানেলে গান প্রচারিত হচ্ছে। এ পরিস্থিতিতে বছরে দু-একটির বেশি অ্যালবাম বাণিজ্যিকভাবে সফল হয় না।এদিকে গানের অ্যালবামের চেয়ে এখন নাটক ও চলচ্চিত্রের চাহিদা বেশি বলে দাবি করেছে কিছু প্রতিষ্ঠান। মালিবাগ আনারকলি মার্কেটের সিডি নেটের মালিক মোহাম্মদ নোমান বলেন, ‘ক্রেতারা এখন দোকানে মূলত ভিসিডিই বেশি কেনে। তাই আমরা নাটক ও গানের মিউজিক ভিডিও দিয়েই দোকান সাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’ প্রযোজনা প্রতিষ্ঠান ফাহিম মিউজিকের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম জানান, তাঁদের প্রকাশিত গানের অ্যালবামের চেয়ে নাটকের অ্যালবাম অনেক বেশি।অনুষ্ঠান: বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আজ বিকেল চারটা থেকে শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে তিন দিনের সংগীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।