এবারের ঈদে অডিও বাজারে নতুন অ্যালবামের সংখ্যা খুব কম ছিল। ঈদে বের হয়েছে ৪০টি অ্যালবাম। এর মধ্যে কোনোটিই তেমন আলোচিত হয়নি বা জনপ্রিয় হতে পারেনি। চলতি বছর বাজারের সার্বিক অবস্থাও মন্দা। বছর প্রায় শেষ। কিন্তু এখনো কোনো সুপারহিট অ্যালবামের দেখা পেল না ২০১০।প্রযোজনা সংস্থাগুলো জানিয়েছে, বিগত পাঁচ বছরের মধ্যে এবারই বাজার-পরিস্থিতি সবচেয়ে খারাপ। ক্রেতার সংখ্যা কমে গেছে। পাশাপাশি নকল ও হিন্দি গানের প্রভাবে নতুন বাংলা গানের অ্যালবামগুলো কাঙ্ক্ষিত বাণিজ্যিক সফলতা পাচ্ছে না। খুচরা বিক্রেতারা বলছেন, নতুন অ্যালবামের চেয়ে পুরোনো জনপ্রিয় অ্যালবামের চাহিদাই ছিল বেশি। নব্বই দশকের পরে দেশে অডিও-শিল্পের বাজার বিস্তার লাভ করেছিল। নতুন বাংলা গানের অ্যালবামের চাহিদা পূরণ করতে দেশের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন অ্যালবাম প্রকাশ করে। নতুন করে প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। বাজারও সম্প্রসারিত হচ্ছিল দ্রুত। কিন্তু গত দুই বছর থেকে অডিও-শিল্পের বাজারে মন্দা শুরু হয়েছে। এ বছর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) হিসাব অনুসারে, চলতি বছর এ পর্যন্ত অডিও বাজারে এক কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অ্যালবাম এসেছে শ খানেক। অথচ গত বছর প্রায় পৌনে দুই কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। অ্যালবাম প্রকাশের সংখ্যা ছিল প্রায় ২০০। তবে তার আগের বছর অর্থাৎ ২০০৮ সালে বিনিয়োগের পরিমাণ ছিল চার কোটি টাকা, নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছিল তিন শতাধিক। ২০০৭ সালে বিনিয়োগ ছিল অন্তত পাঁচ কোটি টাকা এবং নতুন অ্যালবামের সংখ্যা ছিল ৫০০-র কাছাকাছি। দেখা যাচ্ছে, অডিও বাজারে বিনিয়োগ এবং অ্যালবাম প্রকাশের সংখ্যা প্রতিবছরই কমছে।গত ১০ মাসে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে শ খানেক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে জনপ্রিয় শিল্পীদের একক অ্যালবামসহ অনেকগুলো মিশ্র ও দ্বৈত অ্যালবাম রয়েছে। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে ঈদে, ভালোবাসা দিবস ও বাংলা নববর্ষে অডিও বাজারে সামান্য ব্যস্ততা লক্ষ করা গিয়েছিল। সাধারণত আমাদের দেশে এসব উৎসবকে কেন্দ্র করেই অধিকাংশ নতুন অ্যালবাম প্রকাশিত হয়। কিন্তু এ বছর চিত্র ছিল ভিন্ন। নতুন অ্যালবামের বেশির ভাগই বাণিজ্যিক সাফল্য পায়নি বলে জানিয়েছেন প্রযোজকেরা। ফলে তাঁরা হতাশ। এমনকি অনেকে এ ব্যবসা ছাড়ার কথাও ভাবছেন। মন্দার কারণ সম্পর্কে প্রযোজক এবং খুচরা বিক্রেতারা প্রধানত নকল অ্যালবামকে দায়ী করেছেন। পাশাপাশি ভারতীয় গানের আগ্রাসন তথা স্যাটেলাইট চ্যানেলের প্রভাব এবং দেশের সার্বিক মন্দা অর্থনৈতিক অবস্থার প্রভাবের কথাও বলেছেন। দেশের অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বলেন, ‘বাজারে চাহিদার প্রায় অর্ধেক এখন পূরণ হচ্ছে নকল ও অনুমতিহীন অ্যালবাম থেকে। এ ছাড়া এমপি-থ্রির ব্যবহার তো আছেই। এসব কারণে নতুন অ্যালবামের বিক্রি কমে গেছে। আমরাও নতুন প্রকাশনায় উৎসাহ পাচ্ছি না।’ লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বললেন, যে অবস্থা দাঁড়িয়েছে তাতে বছরে একটা-দুটোর বেশি অ্যালবাম বাণিজ্যিকভাবে সফল হয় না। অধিকাংশ অ্যালবাম গড়ে ৫-১০ হাজার বিক্রি হয়। শিল্পীদের সম্মানী ছাড়াও অ্যালবামের উৎপাদন, প্রচ্ছদ ও প্রচারের জন্য প্রচুর খরচ করতে হয়। এই সামান্য বিক্রি দিয়ে একটি অ্যালবামের খরচ তোলা যায় না। একটি অডিও অ্যালবামের বিনিয়োগের অর্থ উঠে আসতে হলে কমপক্ষে ২০ হাজার বিক্রি হওয়া প্রয়োজন।মিউজিক ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, এখন শ্রোতার চেয়ে দর্শকের সংখ্যা বেশি। গান না শুনে টেলিভিশন দেখতেই সবাই আগ্রহী। কাজেই শ্রোতার সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। ওয়ার্ল্ড মিউজিকের স্বত্বাধিকারী ইজাজ খানও প্রায় একই মন্তব্য করে বলেন, লোকে এখন স্যাটেলাইট চ্যানেল দেখেই সময় কাটায় বেশি। যার কুফল পড়েছে অডিও বাজারের ওপর। প্রযোজনা প্রতিষ্ঠান দোয়েল প্রডাক্টসের স্বত্বাধিকারী জানে আলম বলেন, ‘নকল ও অবৈধ সিডিতে বাজার ছেয়ে যাওয়ায় আমরা এখন ব্যবসা পরিবর্তনের চিন্তা করেছি। বাজারের অর্ধেক দখল করে আছে এসব অসাধু ব্যবসায়ী।’ প্রসঙ্গত, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা দোকানসহ ফুটপাতে প্রকাশ্যে বিক্রি হয় নকল ও অবৈধ অ্যালবাম। বাজারের মন্দার কারণ হিসেবে বেশির ভাগ প্রযোজক নকল অ্যালবামের কথা উল্লেখ করেছেন। তবে শিল্পী ও শ্রোতাদের মধ্যে ভিন্নমত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ শিল্পী বলেন, ‘নকল অ্যালবামের প্রচলন শুরু করেছে কতিপয় বড় প্রযোজনা প্রতিষ্ঠান। তারা ভারতীয় গানের অননুমোদিত সংকলন বাজারে ছাড়ে, যার ফলে নিজেরা ব্যবসা করলেও বাংলা গানের অ্যালবামগুলো ক্ষতিগ্রস্ত হয়। কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী বলেন, অনেক সময় দেখা যায়, জনপ্রিয় শিল্পীদের পুরোনো গান নিয়ে সংকলিত অ্যালবাম প্রকাশ করা হয়। এতে করে শ্রোতারা যেমন বিভ্রান্ত হয়, তেমনি নতুন গানের অ্যালবামগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মৌচাক আনারকলি মার্কেটের খুচরা বিক্রেতা অডিও নেটের স্বত্বাধিকারী মোহাম্মদ নোমান জানান, ক্রেতারা ইদানীং নতুন গানের চেয়ে পুরোনো গানের অ্যালবাম কিনতেই বেশি আগ্রহী। ভালো অ্যালবাম না আসায় নতুন অ্যালবামের প্রতি শ্রোতাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে।গণসংগীতশিল্পী ফকির আলমগীর বলেন, এটা সত্যি যে শ্রোতাদের প্রত্যাশা পূরণে বর্তমান সময়ের গানগুলো যথাযথ ভূমিকা রাখতে পারছে না। পাশাপাশি প্রযোজকেরাও মূলধারার শিল্পীদের গুরুত্ব না দিয়ে শুধু মুনাফার পেছনে ছুটছেন। যার ফলে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। এ প্রবণতা থেকে দ্রুত বেরিয়ে না এলে সম্ভাবনাময় এই শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।