গানের মানুষ গৌরাঙ্গ দাসের সুরের সংসার
গান গাইবেন বলে গানের টানেই একদিন বাড়ি ছেড়েছেন। নিজের মতো করে গান শেখার চেষ্টা করেছেন। তারপর এখানে-ওখানে গান আর কীর্তন গেয়ে দিন কাটিয়েছেন বছরের পর বছর। আর এখন গান গাওয়া এবং গান শেখানো ছাড়া তাঁর এক দিনও চলে না। গান তাঁর রক্তের ভেতর বাসা বুনেছে সেই কবে, একেবারে শৈশবে। এই হচ্ছেন গানমগ্ন একজন গৌরাঙ্গ দাস।গৌরাঙ্গ দাসের মা বিমলা দাস ধামাইল গীত, বিয়ের গীত, ভাবের গীত গাইতেন এবং তা দোলা দিত গৌরাঙ্গ দাসকে। সেই যে শিশুকালে মন বসে গেল গানে, সেখান থেকে আর মন ফেরাতে পারেননি। পড়ালেখা তাঁকে তেমন একটা টানত না, যতটা টেনেছে গান। মা-ও তাঁকে গান গাইতে উৎসাহ দিতেন। মায়ের কাছ থেকেই যেন তাঁর এই গানটুকু পাওয়া। স্কুলে কোনো অনুষ্ঠান হলে ডাক পড়তে লাগল তাঁর। এতেও গানের দিকেই তাঁর ঝোঁকটা বাড়ে। পড়ালেখা মনোযোগ কাড়ে না। গানটাই ভালো লাগে তাঁর। জন্মটাও ছিল গানের সুর ছড়ানো এক জনপদে, বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পেরুয়া গ্রামে। গৌরাঙ্গ দাস বলেন, ‘শিশু বয়স থেকেই নিজে নিজে গান শিখতাম, গাইতাম। পড়ালেখার তেমন সুযোগ ছিল না। সেখানে গান শেখার সুযোগ ছিল আরও কম। সিলেট শহরে এসে প্রশিক্ষকের দ্বারস্থ হলাম ২৫ বছর বয়সে। গানের প্রশিক্ষণ নিলাম। তারপর বাড়িতে ফিরে গেলাম।’ গৌরাঙ্গ দাসের সংসার হয়েছে। স্ত্রী অর্পণা সরকার ও দুই মেয়ে সুরের সংসারে এসেছে। এই সবকিছু নিয়েই তাঁর সুরের সংসার। এখন পাঁচটি গানের স্কুলে গান শেখান তিনি। এর মধ্যে জেলা সদরে অবস্থিত শিশু একাডেমীও আছে।একান্ত গোপনে একটি ইচ্ছা এখনো পোষণ করেন গৌরাঙ্গ দাস—যদি বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) বা কোনো চ্যানেলে এই লোকজ গান গাওয়ার একটু সুযোগ পেতেন; তাহলে বেড়িয়ে ও কুড়িয়ে পাওয়া যে সুর তাঁকে সর্বদাই তাড়া করে, তা-ই সবার মধ্যে ছড়িয়ে দিতে পারতেন।