গানের সুর, নাচের ছন্দে শরৎবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে ঢাকা শহরের ঘুম তখনো ভালো করে ভাঙেনি। পথ ছিল ফাঁকা। মেঘলা আকাশ আর হালকা বৃষ্টি দিয়ে দিন শুরু। ছিল শরতের শিউলি, ছিল কাশফুল। তাই দিয়ে অতিথিদের বরণ করে নিয়ে শুরু হয়েছিল শরৎ উৎসব। সঙ্গে মিলিত কণ্ঠের গান ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে’। কবিগুরুর গানেই যেন শরতের শাশ্বত রূপ উঠে এল নগরজীবনে।বাংলা পঞ্জিকার হিসাবে গতকাল শুক্রবার ছিল আশ্বিনের ২০ তারিখ। যে সময় ঝকঝকে নীল আকাশে থাকবে সাদা মেঘের উপস্থিতি, সেখানে আকাশজুড়ে কালো মেঘ, একটু করে বৃষ্টি। রোদের আভাসও মিলছিল থেকে থেকে। তবে আয়োজন তো আর থেমে থাকে না। মেঘ-বৃষ্টির এই প্রভাতে শরৎকে বিদায়মাল্য দান করল দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসেছিল এই উৎসবের আসর।শরতের অন্যতম অনুষঙ্গ কাশফুল দিয়ে সাজানো হয় প্রবেশপথ। নির্ধারিত আসনে বসামাত্রই স্নিগ্ধ হাসিতে মুঠোভরে শিউলি তুলে দিচ্ছিলেন ছায়ানটের শিক্ষার্থীরা। সব মিলিয়ে অনুষ্ঠান শুরুর আগেই এক স্নিগ্ধতার পরশ ছুঁয়ে গেল।সমবেত গান ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একক কণ্ঠে শিল্পী সুকান্ত চক্রবর্তী গেয়ে শোনান ‘আমার রাত পোহাল’। এরপর শিশুদের পরিবেশনায় সমবেত গান ‘আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি’। গানের সঙ্গে ছিল নৃত্য। শিশুদের পরিবেশনা শেষে একক কণ্ঠে মহুয়া মঞ্জরী গেয়ে শোনালেন ‘সকরুণ বেণু বাজায়ে কে যায়’। এককের পর আবার সম্মেলক কণ্ঠে গীত হয় ‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’। শিল্পী শুক্লা পাল গেয়ে শোনান ‘আমার মনের মাঝে যে গান বাজে’। ঐশী রুবাইনা ও হূদীয়া তেহরীন দ্বৈতকণ্ঠে গেয়ে শোনান ‘কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়’। এরপর সম্মেলক গান ‘নব কুন্দধবলদলসুশীতলা’। এরপর মমি মঞ্জরী চৌধুরী গেয়ে শোনান ‘হেলাফেলা সারা বেলা’, দীপাঞ্জন মুখার্জি শোনান ‘আজি শরৎতপনে প্রভাতস্বপনে’। ‘শরতে আজ কোন্ অতিথি’ সম্মেলক গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা। এভাবেই একক, দ্বৈত ও সম্মেলক গান এবং এর মাঝে মাঝে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান। উম্মুল ওয়ারা বিনেত নাঈম গেয়ে শোনান ‘বাজিল কাহার বীণা’, নন্দিনী সাহা ও তাফসিরা-তুন্-নূর পরিবেশন করেন ‘আমার নয়ন-ভুলানো এলে’। এরপর সম্মেলক গান ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’।এ ছাড়া নাঈমা ইসলাম ‘কোন্ খেলা যে খেলব কখন্’, বিক্রম দাস ‘কেন আমায় পাগল করে যাস’ এবং সেমন্তী মঞ্জরী শোনান ‘তবু মনে রেখো’। সব শেষে খুদে শিল্পীদের পরিবেশনায় ছিল ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানের সঙ্গে সমবেত নৃত্য। শিল্পী-দর্শক সবাম মিলে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গেয়ে শেষ হয় অনুষ্ঠান।