গানের স্বত্ব নিয়ে মুখোমুখি শিল্পী ও গীতিকার-সুরকার
সংগীতশিল্পী পারভেজের নতুন অ্যালবাম মেঘের চাঁদর বাজারে আসার আগেই তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই অ্যালবামের ছয়টি গানের স্বত্ব নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন অ্যালবামটির শিল্পী পারভেজ এবং গীতিকার ও সুরকার শোয়েব। পারভেজের নতুন অ্যালবামের দুটি গানের কথা লিখেছেন উজ্জ্বল কুমার দেবনাথ, একটি গান লিখেছেন মেজবাউর রহমান সুমন, দুটি গানের কথা লিখেছেন শোয়েব, একটি গান যৌথভাবে লিখেছেন পারভেজ, শোয়েব ও রাসেল ও’নীল। এই ছয়টি গানেরই সুর করেছেন শোয়েব। শোয়েব অভিযোগ করেন, পারভেজ এরই মধ্যে নিজেকে এই ছয়টি গানের গীতিকার ও সুরকার দাবি করে কপিরাইট অফিসে নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শোয়েব কপিরাইট অফিসসহ কয়েকটি অডিও অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠানে আইনি নোটিশ পাঠিয়েছেন। শোয়েব বলেন, ‘আমি আমার গান ফেরত পেতে চাই। আমার গান কোন শিল্পীকে দিয়ে গাওয়াব, সেটা আমি সিদ্ধান্ত নেব। কেউ যেন প্রতারণা করে আমার গান নিজের নামে নিবন্ধন করতে না পারে, সে জন্য আইনি নোটিশ পাঠিয়েছি।’ শোয়েব আরও বলেন, ‘পারভেজ তাঁর আবেদনে উল্লেখ করেছেন, মেজবাউর রহমান সুমন, উজ্জ্বল কুমার দেবনাথ ও আমি তাঁর কাছে আমাদের গানের স্বত্ব হস্তান্তর করেছি। কিন্তু পারভেজের সঙ্গে আমাদের এ ধরনের কোনো চুক্তি বা আলোচনা হয়নি।’ শোয়েবের অভিযোগ ও আইনি নোটিশের ব্যাপারে পারভেজ বলেন, ‘গত দেড় বছর আমি বিভিন্ন টিভি অনুষ্ঠানের মাধ্যমে গানগুলো প্রচার করেছি। তাই এ গানগুলো আমার নতুন অ্যালবামে রাখতে চেয়েছি, যাতে শোয়েব অন্য কোনো শিল্পীকে দিয়ে গানগুলো না গাওয়াতে পারেন, সে জন্য আমি আমার নিজের নামে নিবন্ধনের জন্য আবেদন করেছি।’ এদিকে গত মঙ্গলবার কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইট মনজুরুর রহমান বলেন, ‘আমরা উভয় পক্ষের আবেদন ও আইনি নোটিশ পেয়েছি। উভয় পক্ষকে নিয়ে শুনানির পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’