গান্ধী স্মরণে জোহানেসবার্গে ‘সত্যাগ্রহ হাউস’
উপমহাদেশে অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী তাঁর জীবনের একটি সময় দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের যে বাড়িটিতে তিনি কিছুদিন ছিলেন, সম্প্রতি তাঁর জীবন-দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে ‘সত্যাগ্রহ হাউস’ নামে একটি জাদুঘর স্থাপিত হয়েছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রায় দুই বছর আগে ফ্রান্সের ট্রাভেল কোম্পানি ভয়েজারস দ্য মনদে ওই বাড়িটি কিনে সেখানে হোটেল স্থাপন করে। পরে হোটেলের পাশাপাশি তারা বাড়িটিতে গান্ধীর স্মরণে জাদুঘরও গড়ে তোলে। জাদুঘরটি সাজাতে তারা স্থানীয় ইতিহাসবিদদের সহায়তা নেন। সেখানে গান্ধীর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্মারক রাখা হয়েছে। ভয়েজারস দ্য মনদের প্রধান নির্বাহী জে ফ্রানকোসিস রিয়াল বলেন, জাদুঘরটিতে মহাত্মা গান্ধীর বর্ণবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী এবং অহিংসার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। গান্ধীর স্মরণে জাদুঘর স্থাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যাঁরা দক্ষিণ আফ্রিকায় গান্ধীর জীবন সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী, এই জাদুঘরটি তাঁদের জন্যই।’ দেশি-বিদেশি অনেক দর্শনার্থীকেই গান্ধীর স্মৃতিবিজড়িত এই জাদুঘর আকৃষ্ট করবে বলে এর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।