গান্ধীর শেষ উইল ৬৪ লাখ টাকায় বিক্রি!
ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মহাত্মা গান্ধীর শেষ উইল নিলামে ৫৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৬৪ লাখ টাকা। দুই পাতার এ উইলটি গুজরাটি ভাষায় লেখা। এতে মহাত্মা গান্ধীর স্বাক্ষরটিও রয়েছে একই ভাষায়।গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের শ্রপশায়ার কাউন্টির লাডলো রেসকোর্সে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে এই উইলের সঙ্গে গান্ধীর ব্যবহূত ৫০টি স্মারক বিক্রির জন্য তোলা হয়। নিলামকারী প্রতিষ্ঠান মুলক এই নিলামের আয়োজন করে। উল্লেখযোগ্য আরও দুটি জিনিস হচ্ছে, গান্ধীর একজোড়া চটি ও স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্লাইডে ব্যবহূত রক্ত।উইলটি ৩০ থেকে ৪০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। নিলামে সে প্রত্যাশা ছাড়িয়ে গেছে। চটি জোড়া বিক্রি হয়েছে ১৯ হাজার পাউন্ডে। স্লাইডে থাকা তাঁর রক্তের নমুনা বিক্রি হয়নি। ১৯২০ সালে তাঁর অ্যাপেন্ডিক্সে অস্ত্রোপচার হয়। এরপর তিনি তাঁর রক্তের ওই নমুনা এক বন্ধুর কাছে পাঠিয়েছিলেন।১৯৩২ সালে ব্রিটিশ পার্লামেন্টে মহাত্মা গান্ধীকে সন্ত্রাসী ঘোষণা করা হয়। ধারণা করা হয়েছিল, এই ঘোষণাপত্র ২০০ থেকে ৩০০ পাউন্ডে বিক্রি হবে। এটি ২৬০ পাউন্ডে বিক্রি হয়।পঞ্চম জর্জের সঙ্গে গান্ধীর করমর্দনের আঁকা চিত্রের ছাপা হওয়া কপি ২৫ পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামে আরও ছিল গান্ধীর বিছানার চাদর, তাঁর প্রার্থনার জপমালা।গত বছর মহাত্মা গান্ধীর রক্তমাখা মাটি ও ঘাস ১০ হাজার পাউন্ডে, চশমা ৩৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বিবিসি অনলাইন।