গাপটিলের নিজেকে ফিরে পাওয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য ছিল কঠিন এক পরীক্ষা। এমনিতেই শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার ওপর নিউজিল্যান্ডারদের মন ছিল শোকাচ্ছন্ন। ম্যাচের দিন কয়েক আগে ক্রাইস্টচার্চে হয়েছিল ভয়াবহ ভূমিকম্প। মানসিক অস্থিরতার ছাপ পড়েছিল ম্যাচেও। অস্ট্রেলিয়ার কাছে জঘন্যভাবে হারে কিউইরা। ভাঙা মন আরও ভেঙে গিয়েছিল তাদের। তবে সতীর্থদের সান্ত্বনা দিয়ে ওপেনার মার্টিন গাপটিল বলেছিলেন, ‘সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। আমরা ঘুরে দাঁড়াব।’সত্যি ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। পরশু পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে তারা। আর এই ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিলেন গাপটিল। ১০৮ বলে ৮৬ রান করে তিনিই ম্যান অব দ্য ম্যাচ। জিম্বাবুয়ের বোলারদের শাসন করে এই ইনিংসটি তিনি সাজিয়েছেন সাতটি চার ও দুটি ছক্কায়।দলের দুঃসময়ে এ রকম পারফরম্যান্স করেছেন গাপটিল, অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির প্রশংসা তাঁর পাওনাই ছিল। ম্যাচ শেষে সেই পাওনাটা মিটিয়েও দিয়েছেন ভেট্টোরি, ‘জিম্বাবুয়ে খুব বেশি রান করতে পারেনি। এ জন্য গাপটিলের অবদানটাকে ছোট করে দেখা যাবে না। কারণ, ওর ভালো ব্যাটিংয়ের জন্যই আমরা ১০ উইকেটে জিতেছি। আর বড় জয় সব সময়ই বড় প্রেরণা।’২০০৯ সালে অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে ওয়ানডে অভিষেক গাপটিলের। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। ১২২ রানের সেই ইনিংসটি অভিষেক ম্যাচে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ডেসমন্ড হেইন্সের (১৪৮)।তবে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটি ‘গোল্ডেন ডাক’ পাওয়ার পর দল থেকে বাদ পড়ে যান। খেলা হয়নি বাংলাদেশের কাছে ‘বাংলা ওয়াশ’ হওয়া সিরিজটিতে। এরপর ভারত সফরে আবার দলে ফেরেন। পাঁচ ম্যাচে ১৪২ রান করে সুযোগ করে নেন বিশ্বকাপের দলেও। কেনিয়া বড় দলগুলোর পরীক্ষা নেওয়ার মতো দল নয়, তাদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৯ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াই উপহার দিয়েছিল সত্যিকারের পরীক্ষা, শেন ওয়াটসনের বলে বোল্ড হওয়ার আগে ২৫ বলে করেছিলেন ১০। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরে পেলেন নিজেকে। ওয়েবসাইট।