ফজলুল হকের বাড়ি পাবনার বেড়ায়। পেশায় গরুর বেপারি। গাবতলীর অন্য বেপারিরা তাঁর ব্যবসায়িক বুদ্ধির তারিফ করেন। পাবনা-সিরাজগঞ্জ থেকে আসা গরু শুনলেই তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। কিন্তু এক সপ্তাহ ধরে পাবনা-সিরাজগঞ্জ থেকে গরু এসেছে শুনলেই বেপারি ও ক্রেতারা ভয় পাচ্ছেন। ফজলুল হক বলেন, ‘অ্যানথ্রাক্স রোগের রব ওঠায় গরুর ব্যবসা অর্ধেক কমে গেছে। আগে রোজার মাসে দিনে আট-দশটা গরু বিক্রি করতাম। এখন দুইটা বেচতেই জান বেরিয়ে যাচ্ছে।’ গতকাল সোমবার গাবতলীতে গিয়ে দেখা গেছে, গরুর হাট ফাঁকা, হাতেগোনা কিছু গরু নিয়ে বেপারিরা বিক্রির অপেক্ষায়। প্রতিবছর মধ্য রমজানের পর থেকে ট্রাকে-ট্রলারে ঘণ্টায় ঘণ্টায় গরু আসত। এক সপ্তাহ ধরে প্রতিদিনই গরু আসার পরিমাণ কমেছে। গরুর হাট কমিটির কোষাধ্যক্ষ মো. ফরমান জানান, রমজানের প্রথম সপ্তাহে গাবতলীর হাটে গরুর আমদানি বেড়ে গিয়েছিল। প্রতিদিন গড়ে ৪০টি ট্রাকে ৬০০ থেকে ৮০০ গরু-মহিষ আসত। গত সাত দিনে দৈনিক গড়ে ২০টির বেশি ট্রাক আসেনি। অন্যদিকে ক্রেতার সংখ্যাও কমেছে। কুষ্টিয়া, সাভার, মানিকগঞ্জ ও পাবনা এলাকা থেকে আসা গরুর বেপারিরা জানান, গরু বিক্রি কমে যাওয়ার পাশাপাশি গরুর দামও কমছে। আকৃতি ভেদে প্রতিটি গরুর দাম পাঁচ থেকে ১৫ হাজার টাকা কমেছে। অ্যানথ্রাক্সের জন্য সারা দেশে রেড এলার্ট জারি করা হলেও গাবতলী হাটে গরুর রোগনির্ণয়ে কোনো ব্যবস্থা লক্ষ করা যায়নি। বেশির ভাগ গরু যমুনা সেতু দিয়ে আনা হচ্ছে এবং সেতুতে ওঠার আগেই প্রাণিচিকিৎসক গরুর স্বাস্থ্য পরীক্ষা করছেন। তবে হাটে বেশির ভাগ গরুর গায়ে স্বাস্থ্য পরীক্ষার চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি বেপারিরা। বেলা সাড়ে তিনটায় এক ট্রাক গরু আসতে দেখা গেল। জানা গেল, পাবনার বেড়া উপজেলা থেকে গরু এসেছে। ওই গরুর বেপারি ফজলুল হক জানান, নদী পথে আরিচা পর্যন্ত এনে সেখান থেকে ট্রাকে করে গরুর চালানটি তিনি গাবতলীতে এনেছেন। কোথাও গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তিনি বলেন, গরু খারাপ হলে ক্রেতাই তা নেবে না। ফজলুল হকের সঙ্গে আসা কর্মচারী ফজলু বলেন, গাবতলী গরুর হাটের প্রবেশমুখে তল্লাশিচৌকি না বসালে কোনটা রোগাক্রান্ত গরু তা নিশ্চিত হওয়া যাবে না। যমুনা সেতুর মাথায় যে স্বাস্থ্য পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে সব গরু আসছে না। নদীপথে অনেকে গরু নিয়ে সরাসরি হাটে চলে আসছে। গত চার দিনের গরু আমদানির ট্রাকের নিবন্ধন তালিকা পরীক্ষা করে দেখা গেছে, সিরাজগঞ্জ থেকে কোনো গরুর ট্রাক গাবতলীতে আসেনি। তবে পাবনা থেকে প্রতিদিনই দুই থেকে তিন ট্রাক গরু গাবতলীর হাটে আসছে। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর ও চুয়াডাঙ্গা এলাকা থেকে গরু আমদানি বেড়ে গেছে।