অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু রাজধানীর গাবতলী হাটে আসছে কি না, তা পরীক্ষা করতে সেখানে একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এ ছাড়া গাবতলীর গরুর হাট পরিচালনা কমিটির পক্ষ থেকেও দুজন পশু চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার পর চিকিৎসকেরা অনুমোদন দিলেই হাটে আসা গরু বিক্রির অনুমোদন দেওয়া হচ্ছে।প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্ন এলাকায় কত গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে, তার হিসাব রাখা হচ্ছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের আর্থিক সহায়তা দেওয়া যায় কি না, তাও বিবেচনা করে দেখা হচ্ছে।প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গতকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে গাবতলী গরুর হাটে তাঁদের কার্যক্রম শুরু করেন। রাত ১০টা পর্যন্ত তাঁদের হাটে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। হাট পরিচালনা কমিটির চিকিৎসকেরাও আলাদাভাবে গরু পরীক্ষা করছেন।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী গতকাল প্রথম আলোকে বলেন, গরু আমদানির সব প্রবেশপথে পশু চিকিৎসক দিয়ে গরু পরীক্ষা করা হচ্ছে। গতকাল থেকে গাবতলীসহ দেশের গরুর বড় হাটগুলোতেও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশের পাঁচটি জেলার ১০টি উপজেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। গত ১৮ আগস্ট থেকে সোমবার পর্যন্ত এসব এলাকায় ৩৩৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। পাবনার বেড়া, সাঁথিয়া ও ফরিদপুর উপজেলা, সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলা, কুষ্টিয়ার দৌলতপুর, টাঙ্গাইলের ঘাটাইল এবং মেহেরপুরের গাংনী উপজেলায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশই সুস্থ হয়ে গেছেন। বাকিরাও শিগগিরই সুস্থ হয়ে যাবেন। তিনি বলেন, আগে যেসব এলাকায় অ্যানথ্রাক্স ছড়িয়েছে সেখানে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা কম। তবে নতুন কোনো এলাকায় এটি ছড়ালে সেখানে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।