গাবতলীর হাট জমজমাট
গাবতলীতে রাস্তার ঠিক মাঝখান দিয়ে মাঝারি সাইজের একটি গরু নিয়ে যাচ্ছে রায়েরবাজার শাপলা একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র নুরুজ্জামান। তার হাতে গরুর রশি, মুখে বিশ্বজয়ের হাসি। গরুটি তার চেয়ে অন্তত ১০ গুণ বড়। নাম জানতে চাইলে উত্তর না দিয়ে নুরুজ্জামান বলে, ‘৩৭ হাজার টাকায় গরুটি কিনেছি।’ গরু কেনার জন্য বাবার সঙ্গে এক ঘণ্টা ঘুরেছে, সেই কথাও বলতে ভোলে না সে। নুরুজ্জামানের গরু কেনা শেষ হলেও মিরপুরের চেতনা স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান বাবা ও ভাইদের সঙ্গে কেবল হাটে ঢুকছে। তারও ব্যাপক উত্সাহ। সে জানাল, মিরপুরে বাসার আশপাশে কিছু গরু তারা দেখেছে, পছন্দ হয়নি। এখন সবার সঙ্গে গাবতলী এসেছে। আজ গরু না কিনে বাড়ি ফিরবে না। কেবল নুরুজ্জামান বা আশিকুর নয়, গরু নিয়ে উত্সাহ মাঝবয়সী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার। ধানমন্ডির ব্যবসায়ী এস এম সাদুল্লাহ ৬৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। গরুটি বিক্রি করেছেন মানিকগঞ্জের আবদুস সালাম। তিনি বললেন, দাম মোটামুটি ভালো। গাবতলীর গরু-ছাগলের হাট এখন ক্রেতাদের পদচারণে জমজমাট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের গাড়ি আটকা পড়ছে রাস্তা দিয়ে হাঁটিয়ে নেওয়া গরুর ভিড়ে। যানজটও লেগে থাকছে। কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ নেই কারও। বরং গাড়ি থেকে মাথা বের করে অনেকেই জানতে চাইছেন গরুর দাম। গাবতলী গরুর হাটের দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা শেখ রাহাত হোসেন জানান, হাটের ভেতরে ও বাইরে দুই জায়গায় পুলিশ রয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার থেকে পুলিশ হাটে নজর রাখছে। সাদা পোশাকেও পুলিশ আছে। সব মিলে হাটের পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেন তিনি। আছে বিপত্তি হাটে গরু কিংবা ছাগল কেনা নিয়ে শুধু আনন্দ নয়, কখনো কখনো ঘটছে বিপত্তিও। হঠাত্ দেখা গেল মালিকের হাতের রশি ছেড়ে একটি গরু মাঝরাস্তায় ছুটছে। গরুর ধাক্কায় উল্টে পড়ে একটি রিকশা। তবে এসব বিশৃঙ্খলার মধ্যে আনন্দের কমতি নেই ক্রেতা-বিক্রেতার মধ্যে। ১৮ হাজারে দুই ছাগলমানিকগঞ্জের সিঙ্গাইরের ব্যবসায়ী শুকুর উদ্দিন তিন বছর লালনপালন করেছেন দুটি ছাগল। সেগুলো তিনি নিয়ে এসেছেন গাবতলীর হাটে। দুটি ছাগল ১৮ হাজার টাকায় বিক্রি করতে চান শুকুর উদ্দিন। আশায় আছেন কাঙ্ক্ষিত ক্রেতার।