গামা খুনের আসামিদের ফাঁসির দণ্ড মওকুফ করলেন রাষ্ট্রপ্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৎকালীন চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা গামা খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ জনের সাজা মওকুফ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আজ সোমবার এ সংক্রান্ত আদেশ কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, এ মামলার ২০ আসামির মধ্যে ১০ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আর অন্য ১০ জন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।সূত্র জানায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা থানার রামশারকাজিপুর আমতলী বাজারে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মদ ওরফে গামাকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। দুর্বৃত্তরা গামাকে খুনের পর সর্বহারার নামে স্লে¬¬াগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনার পর বিএনপির কর্মীরা আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেয় ও লুটপাট করে। এ তাণ্ডব চলে তিন দিন ধরে।গামা খুনের পর তাঁর বাবা রফিকুল ইসলাম তালুকদার বাদী হয়ে নলডাঙ্গা থানায় আওয়ামী লীগের স্থানীয় নেতা এস এম ফিরোজসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর মামলাটি প্রথমে নাটোরের দায়রা জজ আদালতে বিচারের জন্য এলেও উচ্চ পর্যায়ের তদন্তের পর মামলাটি ঢাকার দ্রুত বিচার আদালতে বিচারের জন্য আসে। ঢাকার দ্রুত বিচার আদালত ২০০৬ সালের ২৪ আগস্ট এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দ্রুত বিচার আদালতের বিচারক ফিরোজ আলম ২১ জনের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেন।রায় ঘোষণার সময় পলাতক থাকা আসামি আনিসুর রহমান, এস এম ফিরোজ, ফয়সাল হোসেন, সেন্টু শাহ, শাজাহান শাহ, জাহেদুল ইসলাম, বাদল শাহ, ফজলুল হক শাহ, ফারুক হোসেন গত ১২ এপ্রিল আত্মসমর্পণ করেন। অন্য আসামিরা বিভিন্ন সময় পুলিশের হাতে ধরা পড়েন। তবে আকবর আলী নামের এক আসামি এখনো পলাতক। আসামিরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরপর মৃত্যু নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) বেঞ্চেও এ মামলার শুনানির আবেদন করা হয়। কিন্তু শুনানি শেষ হওয়ার আগেই আসামিরা গত ১৫ এপ্রিল কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন। গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দণ্ড মওকুফের চিঠিতে সই করেন বলে জানা গেছে।ফাঁসির দণ্ড থেকে মওকুফ পাওয়া আসামিরা হলেন নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানের বাবা আনিসুর রহমান, নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, ফয়সাল হোসেন, সেন্টু শাহ, শাজাহান শাহ, জাহেদুল ইসলাম, বাদল শাহ, ফজলুল হক শাহ, ফারুক হোসেন, আ. জলিল, জহুরুল শাহ, সাজ্জাদ হোসেন, সোহাগ, বাবলু, আবুল, আতাউর, আশরাফ, ফরমাজুল, ফকরউদ্দিন ও ওহিদুর রহমান।সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার টেলিফোনে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক বিবেচনায় আসামিদের সাজা মওকুফ করে দেওয়া হয়েছে। এটা খুবই বিস্ময়ের। তিনি বলেন, নিম্ন আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত আসামিদের দণ্ড বহাল রেখেছেন।তবে এ মামলার আসামি আনিসুর রহমানের ছেলে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গামার শরীরে গুলির চিহ্ন ছিল মাত্র একটি। এজাহারে আসামি ছিলেন ১৬ জন। কিন্তু ফাঁসির আদেশ হয় ২১ জনের। এঁদের মধ্যে একই পরিবারের ১৩ জনের ফাঁসির আদেশ হয়। এটা অস্বাভাবিক। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তত্কালীন উপমন্ত্রী রুহুল কুদ্দুস প্রভাব খাটিয়ে বিচারব্যবস্থাকে বিতর্কিত করেছিলেন। তিনি বলেন, গামা হত্যার এক বছর আগে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অত্যাচারে তাঁর পরিবার ঢাকায় চলে যায়। আসাদ আরও বলেন, ওই মামলার সাক্ষীদের তিনজন ইতিমধ্যে হলফনামায় বলেছেন, তাঁরা চাপের মুখে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিলেন।