গামড়া সড়ক পাকা না হওয়ায় ভোগান্তি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ-দামগাড়া পাকা সড়ক থেকে এক কিলোমিটার দূরে গামড়া গ্রাম। এ গ্রামে প্রায় ৭০০ মানুষের বসবাস। গ্রামের প্রধান সমস্যা ওই এক কিলোমিটার কাঁচা সড়কটি। এ পথটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষা আসন্ন। তাই এলাকাবাসীর চোখে-মুখে এখনই উৎকণ্ঠার ছাপ দেখা দিয়েছে। গ্রামবাসী জানান, গ্রাম থেকে বের হওয়ার ওই একটিই মাত্র পথ। তাই বর্ষা এলেই গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বাড়ি থেকে বেশি প্রয়োজন না হলে তারা বাইরে বের হতে চায় না। রাস্তাটায় কাদা এতটাই বেশি হয় যে রিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই চলতে পারে না। এমনকি এই এঁটেল মাটির পথে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। আর একটু বেশি বৃষ্টি হলেই সড়কটি পানির নিচে ডুবে যায়। ফলে তখন গ্রামগুলোর কৃষকেরা উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে পড়েন। গ্রামের ছাত্রছাত্রীরাও স্কুল-কলেজে যেতে চায় না। সড়কটি সংস্কারের জন্য অনেক আবেদন করেও কোনো কাজ হয়নি। এলাকাবাসী জানান, মুক্তিযুদ্ধের পরপরই কাঁচা এই সড়কটি নির্মাণ করা হয়। দেখভালের অভাবে সড়কটি দিন দিনই সরু হয়ে যাচ্ছে। মানুষ সড়ক কেটে জমি বাড়াচ্ছে। দীর্ঘদিন সড়কে মাটি না দেওয়ায় এখন প্রায় জমির সমতলে সড়কটি এসে ঠেকেছে। ফলে একটু বৃষ্টিতেই তা ডুবে যায়। আর শুধু বর্ষাকালেই ভোগান্তি, তা নয়। বর্ষাকালে কাদা আর শীতকালে ধুলো—কয়েক বছর ধরে এমন চেহারাই চলছে সড়কটির। এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে নেতারা এসে প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট ফুরালে তাঁদের টিকিটিও আর দেখা যায় না। গ্রামের আব্দুর রশীদ (৫০) বলেন, ‘হামড়া হনো দুর্ভাগা গাঁয়ের বাসিন্দা। অ্যানা বিষ্টি হলিই বাড়ির সামনের কাঁচা আস্তা ডুব্যা যায়। বাড়িত থ্যাকা এক পাও বাড়াবার পারি ন্যা। ছোলপোলকেরে ইশকুলোত যাওয়া বন্দ হয়্যা যায়।’ এলাকার শিক্ষক জয়নাল আবেদীন বলেন, সড়কটি পাকা না হওয়ায় সব শ্রেণীর মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার অনেক কমে যায়। ফলে তাদের পরে অনেক সমস্যায় পড়তে হয়। সড়কটির ব্যাপারে জানতে চাইলে ভ্যানচালক আলী হোসেন (২৬) বলেন, ‘জন্মের পর থ্যাক্যা আস্তাডা ইংকায় দেখ্যা আসিচ্ছি। বিষ্টি না হলে ধুলায় ভরা থাকে আস্তাডা আর বিষ্টি হলে হাঁটুসমান কাদো জম্যা যায়। তকন হামাকেরে এই আস্তাত আর ওজগার হয় না।’এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সংগঠক নজরুল ইসলাম বলেন, তিনি অনেক চেষ্টা করেছেন সড়কটি পাকাকরণের জন্য। কিন্তু কর্তৃপক্ষের নজর না থাকায় সফল হতে পারেননি।এ ব্যাপারে মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, বর্ষাকালে চলাচলে গ্রামবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। সড়কটি উঁচু করে পাকাকরণের জন্য তিনি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছেন, অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, সড়কটি পাকা করতে তার পরিষদ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।