গায়ের জোরে নির্বাচন করলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গায়ের জোরে নির্বাচন করলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে। এর দায় সরকারকেই নিতে হবে। তিনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান।আজ সোমবার বিকেলে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে খন্দকার মোশাররফ এ কথা বলেন। ‘সরকারি মদদে নারী নির্যাতনের’ প্রতিবাদে মহিলা দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় ওই কর্মসূচি পালন করে।খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সরকার তাদের দলীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এ কারণে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। তিনি বলেন, সরকার বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রতিদিন যেভাবে খুন, গুম, ধর্ষণ, নির্যাতন চলছে—এটিই যদি উন্নতি হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কী হবে!’বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।