গারদখানা ও পুতুলের বাবার গল্প
ঢাকা জজ আদালতের উত্তর ভবনের পূর্ব পাশে প্রতি তলায় রয়েছে অস্থায়ী গারদখানা। এখানে বিভিন্ন মামলার আসামি এবং আটক ও অভিযুক্ত ব্যক্তিদের রাখা হয়। ভবনটির ছয়তলার পূর্ব পাশজুড়েই এই গারদখানা। বিভিন্ন আদালতে হাজির করার জন্য এদের আনা হয় জেলখানা থেকে। সদরঘাট যাওয়ার প্রধান সড়ক এ ভবনটির পাশ ঘেঁষে গেছে। ভবনটির প্রতি তলায় সিঁড়ির পাশেই খালি জায়গায় করা হয়েছে এই গারদখানা। প্রতিটি তলায় রাস্তার দিকে রয়েছে জানালার মতো ফাঁকা। বন্দিরা এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকে বাইরে মুখ করে। ওপর থেকে নিচ—আদালত ভবনটিকে মনে হয় মুখ ও মুখোশের অদ্ভুত চিত্রকলা। পথচারীরা খানিকটা দাঁড়িয়ে দেখে নেন তাদের। কারও চোখে কৌতূহল, কারও বা ঘৃণা কিংবা কেউ কেউ করুণ দৃষ্টিতে তাকান তাদের দিকে। ভবনটি থেকে কয়েক গজ দূরে লোকজনের একটা জটলা জমেই থাকে। তাদের বেশির ভাগই বন্দিদের আত্মীয়স্বজন। শূন্যের আশ্রয় নিয়ে একটু জোর গলায় সেরে নেয় অনেক দিনের না-বলা কথা। কারও আত্মীয়স্বজন দল বেঁধে আসেন এক পলক দেখার জন্য।জেলখানায় দেখা করা কত ঝামেলা, কত হয়রানি। কথা বলতে দিলেও তা হাতে গোনা কয়েক মিনিট। এই কয়েক মুহূর্তে কি আর জমে থাকা কথাগুলোর অনুরণন শেষ হয়? তাই কবে আদালতে হাজির করানো হবে—এই দিনটির জন্য তাঁদের অপেক্ষার প্রহর গোনা প্রতিদিনই। আর কাঙ্ক্ষিত দিনে খুব সকাল থেকেই এসে দাঁড়িয়ে থাকা, যেন আগে না এলে জায়গা দখল হয়ে যাবে। আবার একটা শঙ্কাও থাকে। দ্বিতীয় বা তৃতীয় তলায় রাখা হবে, নাকি আরও উঁচুতে। চতুর্থ তলায় রাখা হলে নিচ থেকে কথা পৌঁছাবে না ঠিকমতো। তাই ভাগ্যের ওপরই নির্ভর। ১২ জুলাই বিকেল তিনটা। আদালতে শুনানি শেষ করে ভবনটির সামনে এসে দাঁড়াই গাড়িতে উঠব বলে। চোখের সামনে দিয়ে গন্তব্যের বাসগুলো ছুটে যাচ্ছে। রিকশাওয়ালা এসে বলছেন, যাবেন সাহেব ? কিন্তু আমি যাওয়ার কথা ভুলে গেলাম মুহূর্তে। জমে থাকা লোকজনের ভিড়ে আমিও মিশে গেলাম। ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছিলেন মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তি। মামলায় সাজা হয় তিন বছরের। আরও তের মাস পার হলে মুক্তি পাবেন। মামলাটির আপিল চলছে। জামিনের আবেদন করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করার জন্য আনা হয়। বিকেল হয়ে গেলেও হাজিরার সময় হয়নি। সকাল বেলায় তাঁকে নিয়ে আসা হয়েছে। তাঁকে একটু দেখার জন্য তাঁর মা-বাবা, ছোট দুই ভাই এসেছেন। তাঁর স্ত্রীও এসেছেন। কোলে একটি বাচ্চা। সঙ্গে আরও দুটি মেয়ে। গারদখানার দোতলা থেকে জোড়ে আওয়াজ ছেড়ে বলছেন, ‘পুতুল, বাবার জন্য কান্দিস না। মুই ভালোই আছি।’ পুতুল লোকটির বড় মেয়ে, বয়স বড়জোর ১২-১৩ বছর হবে। ছোট মেয়েটির হয়তো চার-পাঁচ বছর। কোলের ছেলেটির বয়স দুই বছরের কাছাকাছি। লোকটির স্ত্রী লাল পাড়ের একটি শাড়ি পরে মাথায় ঘোমটা দেওয়া । ওপরে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তার চোখেমুখে যেন হাজারো কষ্ট আর গ্লানির ছাপ। কোনো কথা বলেন না। শুধুই তাকিয়ে আছেন লোকটির দিকে। লোকটির আশপাশে আরও কয়েকজন হাজতি। বন্দী লোকটি হঠাৎ তাঁর মায়ের দিকে তাকিয়ে বললেন, ‘মা, মামুরে বলিস, ওরে আমি ছাড়ুম না। ওই মামুই আমারে ডুবাইল। তোর ভাইডায় আমারে খাইল।’মা সান্ত্ব্তনার ভাষায় বললেন, ‘ পুলা তুই আগে বাইর হ, তারপর দেখিসনে আমার ভাইডারে কেমনে শাস্তি দেওন লাগে।’মায়ের আর্দ্র কণ্ঠ কাঁপা কাঁপা। তার ওপর বয়সের ভার। বললেন, ‘বাবা, তুই আম খাইবি? পাকা আম কিনা দিমু?’:না, কিনা দিলে পুলিশই অর্ধেক খায়ি নিব।: বাপ, তোর আর কয় দিন লাগব?: মা, আর তের মাস: হ বাপ, এত দিন তো কষ্ট কইরা থাকলাম, এই কয়দিন চইলা যাইব। বাপ, তুই নামাজ পড়িস, সব সময় আল্লার কাছে মাফ চাইস।হঠাৎ ছোট মেয়েটা বাবার দিকে হাত নাড়ায়। বাবাও গ্রিলের ফাঁক দিয়ে হাত নাড়ান। একবার ডাকে... আব্বা... লোকটিও ডাকে সাড়া দেন, আমার মা-জান বলে । লোকটি বউটিকে উদ্দেশ করে বলেন, ‘পুলাপাইনগো যত্ন নিতাছ তো ঠিকমতো... মাইয়া দুইটা শুকাইয়া কাঠ হইয়া গেছে কেন?’ বউ বলেন, ‘বাপ ছাড়া ভালো থাকবার পারে মাইয়াগুলান?’আমি একটু পাশের দিকে গিয়ে লোকটির মায়ের সঙ্গে কথা বলি, আপনার ছেলে কয়দিন ধরে আছে জেলে?‘দুই বছর।’ ঘটনাটা বলবেন খালাম্মা?‘আমার ভাই ফেনসিডিলের ব্যবসা করত। হের ফান্দে পইড়ায় পুলাডার এই দশা। আমার ভাইডা ষড়যন্ত্র কইরা নিজেরে বাঁচাইতে গিয়া নিজের আপন ভাইগনারে ধরাইয়া দিছে। আমার আপন মায়ের পেটের ভাই, তাও বোইনের ছেলের লাইগা কোনো মাইয়া করল না।’‘পরে উকিল ধরছিলেন, জামিন হয় নাই’ ‘উকিল ধরছি, জামিন চাইছিল। হয় নাই। পরে হাকিমে সাজা শুনাইয়া দিছে।’কয় টাকা খরচ হয়েছে এই ছেলের পেছনে? ‘৮০ হাজার টাকা চইলা গেল এই পর্যন্ত। পুলাডারে তো আর কাছে পাইলাম না।’ আমি মায়ের বিচলিত চেহারা দেখে আর কিছু জিজ্ঞেস করলাম না। একটু সরে এসে লোকটার বড় মেয়ে পুতুলকে বললাম, বাবার জন্য মায়া লাগে তোমার? ফ্যালফাল করে তাকিয়ে কেঁদে ফেলে পুতুল। ‘হ। আব্বার লাইগা কষ্ট লাগে।’লোকটার বউ পাশ থেকে বলে উঠলেন, ‘হ্যাগো বাপ থাইকাও নাই, আমার স্বামী থাইকাও নাই...। মিথ্যা মামলায় জেল খাটতাছে দিনের পর দিন। আর কোলের ছেলেটা তো দেইখলইনা বাপারে। ওর জন্ম হওনের এক মাস আগেই আমার স্বামী আটক হয়।’জিজ্ঞেস করি, প্রতি তারিখেই আসেন এখানে?‘হ ভাই, আসি। পুলাপানগো তো বাপের লগে দেখা করবার চায়। তাই হেগোরে নিয়া আসি...।’আমি আর কথা বাড়াই না। বললে লোকটির হাতে যতটুকু সময় আছে তাঁর আপনজনের সঙ্গে কথা বলার, সেটুকু নষ্ট হবে। আমি আর তাঁদের সময় নষ্ট করতে চাই না। কিছুক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি নির্বাক...। ইমেইল: [email protected].