বাংলাদেশের ময়মনসিংহ, মধুপুরের গারো পাহাড়ঘেঁষা অঞ্চল ও সিলেটে গারো বা মান্দিদের বসবাস। মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার অনুসারী মান্দি নৃ-গোষ্ঠীর ভাষার নাম ‘আচিক’ বা ‘মান্দি’। গারো ভাষা তিব্বতি-বর্মি ভাষাগোষ্ঠীর ‘বোড়ো’ উপপরিবারের অন্তর্ভুক্ত। মান্দিদের মোট ১৩টি গোত্রের মধ্যে বাংলাদেশে সাতটি গোত্রের কথা জানা যায়। গোত্রভেদে মান্দিদের আলাদা আলাদা উপভাষার অস্তিত্ব রয়েছে। এ ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। জন থুসিন রিসিল, ডানিয়েল আর রুরাম, মার্টিন রেমা, প্রদীপ সাংমা—এই চারজন গবেষক আলাদা আলাদা গবেষণার মাধ্যমে চার ধরনের বর্ণমালা উদ্ভাবন করেছেন। এ ভাষাটি লিখতে বর্তমানে প্রধানত রোমান এবং সীমিত পর্যায়ে বাংলা হরফের প্রয়োগ হচ্ছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতীয় মঙ্গোলীয় গারো-বোড়োভাষীদের প্রায় সবাই তাদের মাতৃভাষার পাশাপাশি বাংলায় কথা বলে। এরা নিজেদের মধ্যে কথা বলে গারো ভাষায়। বাইরের লোকের সঙ্গে কথা বলতে গেলে বাংলা ব্যবহার করে।গারো ভাষার রয়েছে এক বিপুল মৌখিক সাহিত্যসম্ভার। গারো সাহিত্যে আছে রূপকথা, লোকগাথা, প্রবাদ-প্রবচন, গান, কবিতা, ছড়া, উপকথা, কাহিনি, ধাঁধা ইত্যাদি। সৃষ্টিতত্ত্ব, পূজা-পার্বণ, চন্দ্র-সূর্য, আকাশ-মাটি—বিশ্বব্রহ্মাণ্ডের নানা বিষয়কে কেন্দ্র করে এই ভাষায় বিচিত্র কাহিনি গড়ে উঠেছে। মৌখিক সাহিত্যের পাশাপাশি গারো ভাষায় লিখিত সাহিত্যেরও চর্চা হচ্ছে। মতেন্দ্র মানখিনের গারো ভাষায় রচিত একটি কবিতায় ঐতিহ্যের প্রতি কবির অনুরাগ ও পিছুটান বেশ লক্ষ করবার মতো। কবি বলছেন, ‘চীন-তিব্বত, বার্মা, জাবা, ইন্দোপাকনি/ থিংনা পগিপা ব্রিং আবৃ-আখলত্ত/ স্খাং চেংওনি থারিগিপা চাসং নিচাসং/ খঅমা খুরাং রাংখো রাখিনা মানজাজক।/ আং গিসিক নিংও সিকদিকদিক সেরেনজিং/ গ্রাপেংআ। মিকচি রুরা রুরা কংশ, নিতাই/ সোমেশ্বরী বালস্রাতা মান্দি রাংনি/ হাজিয়া দরুয়া রেরে।’কবির নিজের অনুবাদে এই অংশটুকুর বাংলা এ রকম: ‘চীন-তিব্বত, বার্মা পেরিয়ে উপমহাদেশের/ দুর্গম পাহাড় অরণ্য গুহাগাত্রের শিলালিপি/ চিৎ-প্রাকর্ষিক যুগের পরম-পরাগত মৌখিক/ গল্পগাথা আমি তো রক্ষা করতে পারিনি।/ আমার বুকের ভেতর ভাষাহীন মূক/ সেরেনজিং কাঁদে। অশ্রুধারায় বিগলিত/ কংস, নিতাই, সোমেশ্বরী।/ উৎসারিত হয় গারো লোকগীতি/ হাজিয়া, দরুয়া রেরে।’