গার্ডার ধসে মৃতের সংখ্যা ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের (ফ্লাইওভার) তিনটি গার্ডার ভেঙে পড়ার পর গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গতকাল দুপুরে গার্ডারের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরও ১৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।দায়িত্বে অবহেলার অভিযোগে উড়ালসড়কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমানসহ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অন্য দুজন হলেন: সহকারী প্রকৌশলী তানজিব হোসেন ও উপসহকারী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ চৌধুরী।গার্ডার পড়ে হতাহতের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বহদ্দারহাট পুকুর পাড়ের অদূরে দুটি পিলারের মাঝামাঝি তিনটি গার্ডার ভেঙে পড়ে। ওই সময় সেখানে ভাসমান তরকারি বিক্রেতা ও ক্রেতা মিলে আট-দশজন এবং পুকুর পাড়ে আরও অনেকে আড্ডা দিচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।দুর্ঘটনার পরপর ক্ষুব্ধ জনতা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামকে গ্রেপ্তার ও তাঁর শাস্তির দাবি করে ভাঙচুর চালায়। বহদ্দারহাটে ছালামের ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল ফুডের বিক্রয়কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, কিছু লাশ দ্বিখণ্ডিত হওয়ায় অনেককে দুবার করে গণনা করায় গরমিল হয়। সন্ধ্যা পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: মো. সিরাজ (৩৫), এনাম (২২), সাজ্জাদ (২০), ইলিয়াছ মিয়া (৭০), কাজল দে (৪০) মোশারফ হোসেন (৩২), নসু মিয়া (৪০), মনির হোসেন (১৮) ও সাহাবউদ্দিন (২০)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান: গতকাল রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখে সেনাবাহিনী। দুপুর পর্যন্ত নৌবাহিনীর ডুবুরিরা তাদের সঙ্গে অংশ নেয়। এ ছাড়া ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। দুপুর ১২টার দিকে গার্ডার কেটে একজনের মৃতদেহ পাওয়া যায়।তদন্ত কমিটি: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরীকে। তিনি বলেন, তদন্ত শেষ করতে কম করে হলেও সাত দিন তো লাগবে।পূর্ত মন্ত্রণালয়ের ছয় সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব শ্যামসুন্দর শিকদারকে। গত রোববার চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মামুন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। মামলা: গতকাল সোমবার রাতে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সিডিএর ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। গতকাল রাত ১১টায় মামলাটি নথিভুক্ত হয়। আসামিদের বিরুদ্ধে ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন: সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ এ এন হাবিবুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান পারিসার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক ও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এম এ মতিন।ক্ষতিপূরণের আশ্বাস: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে আমার পক্ষ থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার পুরো ভারও আমি নিয়েছি। নিহতদের পরিবারের সদস্যদের আমার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপে চাকরি দেব। এসব সাহায্য দেওয়া হবে সরকারি অর্থের বাইরে।’এ ছাড়া দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা ও আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য পরিবারপ্রতি পাঁচ হাজার টাকা দিয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের চিত্র: গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীর বাইরে ঠিকাদার বা অন্য লোকজনের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়। সচিব বা প্রধান প্রকৌশলী এলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কার্যালয়ে আসেননি। গতকাল দুপুরে চউক কর্মচারীরা বহদ্দারহাটে গার্ডার ভেঙে পড়ার জন্য প্রধান প্রকৌশলীকে দায়ী করে তাঁর অপসারণ দাবি করেন। এর কিছুক্ষণ পর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু তাহেরের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যান। তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো স্লোগান না দেওয়ার জন্য কর্মচারীদের সতর্ক করে দেন। এরপর কর্মচারীদের স্লোগান বন্ধ হয়ে যায়।শোক: উড়ালসড়কের গার্ডার ভেঙে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য।