গার্মেন্টসকর্মী নিহতের ঘটনায় মিরপুরে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেওড়াপাড়ায় আজ রোববার সকালে লেবু (২০) নামের এক গার্মেন্টসকর্মী বাসচাপায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিপুলসংখ্যক গার্মেন্টসকর্মী রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করেন। এতে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে আগারগাঁও পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন গার্মেন্টসকর্মীরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গার্মেন্টসকর্মী লেবু শেওড়াপাড়ার আতিক অ্যাপারেলসে চাকরি করতেন। তিনি সকালে তাঁর কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশে তালতলার বাসা থেকে বের হন। শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লেবুর মৃত্যুর খবর তাঁর কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়লে শত শত বিক্ষুব্ধ গার্মেন্টসকর্মী রাস্তায় নেমে এসে গাড়ি ভাঙচুর শুরু করেন। এ সময় প্রায় ২০-২৫টির মতো গাড়ি ভাঙচুরের শিকার হয়। গার্মেন্টসকর্মীদের ভাঙচুরের সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে আগারগাঁও পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ গার্মেন্টসকর্মীরা রাস্তা থেকে সরে যান। এই প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থলের পরিস্থিতি ছিল স্বাভাবিক।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দুর্ঘটনাস্থল কাফরুল, মিরপুর ও শেরেবাংলা নগর থানার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় খুব দ্রুত এই তিন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছেন। তবে পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের কোনো সংঘর্ষ হয়নি। তবে কিছুটা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মৃদু লাঠিচার্জের ঘটনা ঘটেছে।