স্বাধীনতার পর থেকে বিভিন্ন অঙ্গনে জোরালোভাবে নারীদের পদচারণ দেখা গেছে। গার্মেন্টস ফ্যাক্টরি এর মধ্যে একটি। আমাদের দেশের পারিপার্শ্বিক সামাজিকতায় নারীশ্রমিকদের কারখানায় এসে কাজ করাটা বিশাল ব্যাপার ছিল। এসব মেয়ের বেশির ভাগই অবিবাহিত। একটু শিক্ষিত। বয়সেও ছোট। দলে দলে গার্মেন্টস কারখানায় এই মেয়েগুলোর কাজ করতে আসা ছিল অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের একটি পদক্ষেপ, যা তখন সেভাবে বোঝা যায়নি।আশির দশকের মাঝামাঝি তৈরি পোশাকশিল্পের প্রসার হয়। নতুন উদ্যোক্তাদের অনেকেই এ সময় যোগ দেন। ধীরে ধীরে বিশ্ববাজারে এর চাহিদা বেড়েছে। সরকারের কাছ থেকে উদ্যোক্তারাও অনেক সুযোগ-সুবিধা পেয়েছেন। কিন্তু বঞ্চিত হয়েছেন গার্মেন্টসের শ্রমিকেরা; বিশেষ করে নারীরা। অথচ ২০০৬ সালের গবেষণায় আমরা দেখতে পাই, শ্রমিকদের ৮৫ শতাংশ হচ্ছেন নারী। এ ছাড়া উদ্যোক্তাদের মধ্যে ঐতিহ্যবাহী ব্যবসায়ী মনোভাব তৈরি হয়নি। এ জন্য তাঁরা শ্রমিকদের সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখেননি তেমন। পাশাপাশি ফ্যাক্টরির ভেতর ট্রেড ইউনিয়নগুলোকে কাজ করতে না দেওয়ায় নারীশ্রমিকেরা সংগঠিত হতে পারেননি। নিজেদের কথা তুলে ধরার আরেকটি বাধা ছিল এটি। এ ছাড়া বাংলাদেশের শ্রম আইনের অনেক আইন ব্রিটিশ আমল থেকে চলে এসেছে, যে আইন পুরুষশ্রমিকদের কথা মাথায় রেখে প্রণীত হয়েছিল। এ জন্য নারীশ্রমিকদের সুবিধা ও অধিকার আদায়ের জন্য এ আইন সঠিক ছিল না। ১৯৯৪ সালের নতুন লেবার কোড, যাতে অনেক আইন নারীশ্রমিকের কথা মাথায় রেখে করা হয়েছিল। এ আইনটি তৈরি হলেও তা এখনো সংসদে পাস হয়নি।তবে অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। শিশু নারীশ্রমিক এখন আগের চেয়ে অনেক কম। ফ্যাক্টরির পরিবেশও কিছুটা ভালো হয়েছে। তবে যতটা হওয়া দরকার ছিল, ততটা হয়নি। নিরাপত্তার বিষয়টি এখনো অনেকটা পিছিয়ে। কিছুদিন আগেও আগুনে পুড়ে মারা গেছেন কয়েকজন শ্রমিক।কিছু কিছু বিষয় নারীশ্রমিকদের অবস্থান ও অধিকারের বিষয়টি দুর্বল করে তুলেছে। একজন নারীশ্রমিকের কর্মশক্তি তৈরির সুযোগ দেওয়া এবং তৈরি করা হচ্ছে না। বিশেষ করে তাঁদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। নারীশ্রমিকদের অবস্থান দৃঢ় করার জন্য তাঁদের দক্ষতা বৃদ্ধি হওয়ার প্রয়োজন আছে। এর মাধ্যমে তিনি উচ্চপদে যেতে পারবেন। ফলে নিজের ও অন্যদের এ পেশার প্রতি স্থিতিশীলতা বজায় থাকবে। দ্বিতীয়ত, এ মেয়েগুলোর চার-পাঁচ বছর কাজ করার পরিকল্পনা থাকে। এর মধ্যে মা-বাবাকে টাকা পাঠান এবং কিছু জমান নিজের বিয়ের জন্য। তাঁরা নিজেদের এখনো দীর্ঘমেয়াদি তৈরি পেশাকশ্রমিক হিসেবে ভাবেন না। তৃতীয়ত, কারখানার কাজ এখনো নারীবান্ধব হয়নি। যেমন নারীদের প্রাপ্য ছুটি এবং বিশেষ করে মাতৃত্বকালীন ছুটি এখনো সব সময় পাচ্ছেন না। এ রকম অনেক কারণে কর্মশক্তি বাধাপ্রাপ্ত হচ্ছে।এখন আসা যাক অধিকারের কথায়, যেটি সম্পর্কে অধিকাংশ নারীশ্রমিক অবহিত নন। এ কারণেই তাঁরা সংগঠিত হতে পারছেন না। অধিকার রক্ষায় প্রথম পদক্ষেপ হবে, অধিকার সম্পর্কে তাঁদের সচেতন করা। শুধু জানালেই হবে না, তাঁদের তৈরিও করতে হবে। যেন ঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে নিজেদের কথা তুলে ধরতে পারেন। নারীশ্রমিকদের উদ্যোগী হওয়া দরকার সংগঠনের মাধ্যমে। নিজেদের মধ্য থেকে শ্রমিকনেতা তৈরি করতে হবে। কারণ, গতানুগতিক ট্রেড ইউনিয়ন তাঁদের স্বার্থ রক্ষায় ব্যর্থ।আইন থাকলেই হবে না; তা বাস্তবায়নও করতে হবে। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে আরও কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে। বিজিএমইএ দ্বারা মালিকদের নির্ধারিত কোড অব কনডাক্ট যাতে মানা হয়, সেদিকেও নজরদারি রাখা প্রয়োজন।সংসার ও কাজ যাতে সমন্বিতভাবে করা যায়, সে রকম সুযোগ এবং পরিস্থিতি সৃষ্টি হলেই নারীরা অনেক সহজে ও নিশ্চিন্তে কাজে অংশ নিতে পারবেন। এখানে কর্মরত নারীশ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা দেওয়া মানে উত্পাদন ভালো হওয়া। এ কারণেই কারখানার মালিকসহ সরকারের উচিত এ বিষয়ে আরও যত্নশীল হওয়া। সিমীন মাহমুদ: গবেষক, ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনুলিখিত