শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
গার্ল গাইডস আন্দোলনকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ল গাইডস আন্দোলনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম যাতে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটিয়ে দেশে ও আন্তর্জাতিকভাবে নিজেদের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে গার্ল গাইডস আন্দোলনকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।’ খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল শনিবার ঢাকার ওসমানী মিলনায়তনে বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটসের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা দিনবদলের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেশের মানুষকে সুন্দর জীবন দিতে চাই।’বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ফুলরানী সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের উপনেতা ও অ্যাসোসিয়েশনের সাবেক জাতীয় কমিশনার সৈয়দা সাজেদা চৌধুরী, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ইয়ামিন আহমেদ।শেখ হাসিনা গার্ল গাইডস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ও লেডি ব্যাডেন পাওয়েলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সারা বিশ্বে আজ এই আন্দোলন সমাজসেবার নন্দিত ও স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তিনি বলেন, মেধা-মননশীলতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, এর পাশাপাশি গাইডিংকে ব্রত হিসেবে যাঁরা গ্রহণ করেছেন, তাঁরা নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ লাভ করেছেন।শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সম-অধিকার নিশ্চিত করতে তাঁর সরকার ও দলের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগই সবচেয়ে বেশি মহিলাকে মনোনয়ন দিয়েছিল এবং বর্তমান মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সংসদের উপনেতাও একজন মহিলা। তিনি বলেন, তাঁর সরকারই প্রথম সন্তানের পরিচয়ে বাবার নামের পাশে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করেছিলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার মাতৃত্বকালীন ছুটি চার থেকে বাড়িয়ে ছয় মাস করার চিন্তাভাবনা করছে।প্রধানমন্ত্রী শিক্ষিতের হার ১০০ শতাংশে উন্নীত করা সম্ভব বলে দৃঢ় আস্থা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে ছেলে ও মেয়ে উভয়ের জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।শেখ হাসিনা বলেন, ‘আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত এমন একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ক্ষুধা, দারিদ্র্য ও অশিক্ষা থাকবে না।’অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার এবং গার্ল গাইডদের স্কার্ফ ও ব্যাজ পরিয়ে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।চাঁদপুর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর আজ: চাঁদপুর প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার চাঁদপুর আসছেন। তিনি বেলা ১১টায় চাঁদপুরের পাওয়ার হাউস বালুর মাঠের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বিকেল তিনটায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।