গার্লস স্কুলের গেটে রিকশার হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কুলে ঢুকতে গেলেই রিকশাওয়ালারা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কখনো কখনো বিভিন্ন মন্তব্যও করে। খুবই বিরক্তিকর ব্যাপার, মাঝেমধ্যে কান্নাও পায়। মনে পড়লে স্কুলেই আসতে ইচ্ছা করে না।’ এভাবেই বলছিল পাবনার মধ্য শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত সেন্টার্ল গার্লস হাইস্কুলের এক ছাত্রী। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান গেটে রিকশার হাট বসছে। জেলার বিভিন্ন এলাকা থেকে রিকশাচালকেরা এসে ওই হাটে রিকশা বেচাকেনা করে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানালেও তাতে কোনো কাজ হয় না।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সাল থেকে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কিছু ব্যক্তি ওই স্থানে হাটটি বসাতে শুরু করে। প্রথম দিকে লোকসমাগম কম হলেও দিনে দিনে তা বেড়ে যায়। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকার ৪০-৪৫টি রিকশা এখানে বেচাকেনা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ বেচাকেনা। রিকশা শ্রমিক ইউনিয়নের কয়েকজন ব্যক্তি এই হাটের খাজনাও আদায় করে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে চেষ্টা করে কয়েকবার হাটটি উচ্ছেদ করলেও কয়েক দিনের মধ্যে আবার একই অবস্থার সৃষ্টি হয়।শহরের রিকশাচালক মইনুল হোসেন জানান, রিকশা শ্রমিক ইউনিয়ন সরাসরি হাটটি পরিচালনা করে। তাদের সঙ্গে শহরের একটি প্রভাবশালী চক্র সহযোগিতা করে। ফলে হাটটি নিয়ে কেউ কিছু বলতে পারে না। প্রত্যেকটি রিকশা বেচাকেনার জন্য ওই প্রভাবশালী ব্যক্তিদের একটি নির্দিষ্ট ফি দিতে হয়। এর বাইরে একশ্রেণীর দালালচক্র আছে, যারা এখানে রিকশার দাম কমায়-বাড়ায়। অনেক সময় জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে চোরাই করা রিকশা এনেও এখানে বিক্রি করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, হাটে জেলার বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের মানুষ আসে। অনেক সময় হাটে প্রকাশ্যে তারা মাদক গ্রহণ করে। মেয়েদের দেখলে বেশি করে আজেবাজে কথা বলতে থাকে। অনেকে মেয়েদের সঙ্গে আলাপও করার চেষ্টা করে।প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান জানান, প্রধান গেটে রিকশার হাট নিয়ে প্রতিনিয়ত তাঁকে ছাত্রীদের অভিযোগ শুনতে হয়। অনেক সময় ছাত্রীদের সঙ্গে রিকশাচালকদের খারাপ আচরণের কথাও তিনি শুনেছেন। বিষয়টি তিনি পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকেই অবগত করেছেন। কিন্তু তারা হাটটি উচ্ছেদের আশ্বাস দিলেও এখনো তা করতে পারেননি। গত কয়েক বছরে দুই-তিনবার সাময়িকভাবে হাট স্থানান্তরিত হলেও আবার তা গেটের সামনে চলে আসে। অথচ পাবনা সদর থানার ৩০০ গজের মধ্যে এই হাট। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, হাটটি বেশ কয়েকবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তা আবার প্রধান গেটের সামনে চলে আসে। খুব শিগগিরই আবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শহরের ওই স্থানে রিকশা বেচাকেনা হয়ে আসছে। এতে কখনো কারও সমস্যা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষও জোড়ালোভাবে কখনো কোনো অভিযোগ করেনি।