প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির রোডমার্চ কর্মসূচির সমালোচনা করে বলেছেন, ‘লংমার্চ বলতে সাধারণত পায়ে হেঁটে দীর্ঘযাত্রাকে বোঝায়। কিন্তু বিএনপির নেত্রী হাজার হাজার গাড়ি নিয়ে “ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল”-এর মতো লংমার্চ করছেন।’ শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সব গাড়ির নম্বর জোগাড় করা হয়েছে। এই গাড়ি কেনার টাকা তাঁরা (বিএনপির নেতা) কোথায় পেয়েছেন, জনগণকে তার হিসাব দিতে হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সরকারি হাই মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, টিপাইমুখ বাঁধ তাদের সময়ের (বিএনপির শাসনামলের) সমস্যা, তখন তারা কিছু বলেনি। তিনি বলেন, কোনো দেশ বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করলে বাংলাদেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হতে তাঁরা দেবেন না। এ ব্যাপারে তিনি সবার দোয়া ও সহযোগিতা চান।জনসভায় দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের অধিকার প্রতিষ্ঠা করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দেব। আপনারা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবেন।’‘আওয়ামী লীগ সরকারের তিন বছর চলছে। দেশে শান্তি বিরাজ করছে। উত্তরবঙ্গের মঙ্গার কথা ভুলে গেছে মানুষ। আমরা কৃষকের কল্যাণের জন্য সারের দাম কমিয়েছি। ফসলের ন্যায্যমূল্য দিয়েছি।’ বলেন প্রধানমন্ত্রী।রাজশাহীর পবার কাটাখালীতে সদ্য উদ্বোধন করা ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদাহরণ টেনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেন, রাজশাহীতে আর বিদ্যুতের সমস্যা থাকবে না। এ ছাড়া পবা ও পুঠিয়ায় দুটি খাদ্যগুদাম নির্মাণ করা হয়েছে। আরও পাঁচটি নির্মাণ করা হবে। রাজশাহীতে ২২০টি কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। পদ্মা নদীর ভাঙন রোধের ব্যবস্থা করা হয়েছে। অনতিবিলম্বে রাস্তাঘাট উন্নয়নের কাজ শুরু করা হবে। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজশাহীতে আগামী জানুয়ারি মাসের মধ্যে গ্যাসের সংযোগ দেওয়া হবে।তবে রাজশাহীর নেতাদের ১৪ দফা দাবির একটিও পূরণের সুস্পষ্ট ঘোষণা দেননি প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে দেশের সাতটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সে ক্ষেত্রে বিভাগীয় শহর রাজশাহীতেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। এ ছাড়া রাজশাহী কৃষি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ করা হয়েছে। ভবিষ্যতে অর্থের জোগান হলে আমরা রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।’আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘জিয়াউর রহমান মারা যাওয়ার সময় রেখে যাওয়া ভাঙা স্যুটকেসে নাকি কিছুই ছিল না। এখন তাঁর ছেলেরা যখন বিদেশে টাকা পাচার করেন, এফবিআইয়ের লোকেরা এসে সাক্ষ্য দেন, তখন লজ্জায় মাথা কাটা যায়।’দ্রব্যমূল্য প্রসঙ্গে শেখ হাসিনা খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে বলেন, ’৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের রেখে যাওয়া ১০ টাকা কেজির চাল কীভাবে বিএনপির আমলে ৪০ টাকা হয়েছিল? আওয়ামী লীগ কৃষকদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে দিয়েছে। বর্গাচাষিদের জামানতমুক্ত ঋণের ব্যবস্থা করেছে।যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রীর মুখোশ এবার খুলে গেছে। তিনি এখন যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। কিসের স্বার্থে তিনি তাদের বাঁচাতে চান? তিনি কি দেশের স্বাধীনতা চান না?’ সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহীর বিভিন্ন আসনের সাংসদ এবং জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।এর আগে গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) বাৎসরিক অধিনায়ক সম্মেলন, পুনর্মিলনী, ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানসহ অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর পবার কাটাখালীতে নবনির্মিত ৫০ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধন এবং একই জায়গায় অপর একটি ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকে এসে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা’ ফজিলাতুন নেসা ছাত্রী হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।সন্ধ্যা ছয়টার দিকে প্রধানমন্ত্রী বিশেষ বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন।